কক্সবাজার প্রতিনিধি: বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর ড. শফিকুর রহমান বলেছেন, বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে। ১৩ ফেব্রুয়ারি থেকে জনগণ নতুন একটি বাংলাদেশ পাবে। সোমবার (০২ ফেব্রুয়ারি) কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।বেলা ১২টার পরপরই জামায়াত ইসলামীর আমীর ড. শফিকুর রহমান সমাবেশস্থলে পৌঁছেন এবং বক্তব্য রাখেন। এর আগে সকালে তিনি মহেশখালীতে অনুষ্ঠিত জনসভায়ও প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
উভয় সভায় ড. শফিকুর রহমান বলেন, ‘রাজার ছেলে রাজা হোক—এই মতবাদে আমরা বিশ্বাসী নই। এ দেশে এমপি, মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী যেই হোক, অপরাধ করলে তার বিচার নিশ্চিত করতে হবে।’তিনি বলেন, “১২ তারিখ আমরা নিজে ‘হ্যাঁ’ ভোট দেব এবং দেশের জনগণকেও ‘হ্যাঁ’ ভোট দিতে উৎসাহিত করব। দাঁড়িপাল্লায় ভোট দিলে কক্সবাজার আলোকিত হবে।”
ড. শফিকুর রহমান আরও বলেন, ‘কক্সবাজার একটি সম্ভাবনাময় এলাকা। এখানকার প্রাকৃতিক ও অর্থনৈতিক সম্পদ যথাযথভাবে কাজে লাগালে এই অঞ্চল দেশের অন্যতম উন্নয়নকেন্দ্রে পরিণত হতে পারে। এজন্য ন্যায় ও ইনসাফভিত্তিক নেতৃত্ব প্রয়োজন।তিনি বলেন, ‘আমরা কথা দিয়ে কথা রাখি। আমরা বেঁচে থাকলে কোনো প্রতিশ্রুতি ভঙ্গ হবে না, ইনশাআল্লাহ।’
এ সময় তিনি প্রতিটি আসনের প্রার্থীকে জনগণের সামনে পরিচয় করিয়ে দেন এবং যুবকদের উদ্দেশে বলেন, ‘তোমরা প্রস্তুত হও। এই বাংলাদেশ তোমাদের জন্যই তৈরি করা হচ্ছে।’নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমীর বলেন, ‘এবারের নির্বাচন শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের নির্বাচন নয়, এটি জাতির দিক পরিবর্তনের নির্বাচন। এটি জুলাই বিপ্লবের প্রত্যাশা পূরণের নির্বাচন এবং মা-বোনদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ার নির্বাচন। ১২ তারিখ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দেশের জনগণ এ বিষয়টি প্রমাণ করবে।’
এর আগে মহেশখালীর জনসভায় তিনি বলেন, ‘আমরা জামায়াতে ইসলামীর বিজয় চাই না, আমরা চাই এ দেশের ১৮ কোটি মানুষের বিজয়। ১৮ কোটি মানুষের বিজয় হলে সেটিই প্রকৃত বিজয়—আমিও সেই বিজয়ের অংশ হবো, ইনশাআল্লাহ।’
এর আগে সকাল ১০টায় কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জনসভার আনুষ্ঠানিক সূচনা হয়। জেলা জামায়াতের সভাপতি অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে এবং সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
এতে উপস্থিত ছিলেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য প্রার্থী আবদুল্লাহ আল ফারুক, কক্সবাজার-৩ আসনের প্রার্থী শহিদুল আলম বাহাদুর, কক্সবাজার-৪ আসনের প্রার্থী নুর আহমদ আনোয়ারী, এনসিপির কেন্দ্রিয় নেতা ডা. মাহমুদা মিতু, জাগপা’র কেন্দ্রিয় সহ-সভাপতি রাশেদ প্রধান, ছাত্র শিবিরের কেন্দ্রিয় সেক্রেটারী মো. সিগবাতুল্লাহ সিফাত এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি মো. পারভেজ।মহেশখালী ও কক্সবাজার শহরের জনসভা শেষে জামায়াত আমীর চট্টগ্রামের লোহাগড়া উপজেলার পদুয়ায় অনুষ্ঠিত জনসভায় যোগদানের জন্য যাত্রা করেন।


