চকরিয়া প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় বিদ্যুৎস্পর্শে মুহিত উদ্দিন সাগর (৩৩) ও ওসমান গণি (১৭) নামের দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের খুটাখালী বাজারের পূর্বাংশে মৌলভী মমতাজের নির্মীয়মাণ ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।মৃতদের নিকট আত্মীয় ডুলাহাজারা কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবদুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।মৃত মুহিত উদ্দিন সাগর খুটাখালী ইউনিয়নের গর্জনতলী গ্রামের আবু তাহেরে ছেলে।মোহাম্মদ ওসমান গণি একই এলাকার মোহাম্মদ জোহারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, খুটাখালী বাজারের পূর্ব পাশের মৌলভী মমতাজের নির্মীয়মাণ একটি তিন তলা ভবনের পলেস্তারার কাজ করছিলেন তিন শ্রমিক। ওই ভবন ঘেঁষে হাই ভোল্টেজের বৈদ্যুতিক লাইন চালু ছিল। সোমবার দুপুর ১২টার দিকে কাজ করার সময় অসাবধানতাবশত মুহিত উদ্দিন সাগর প্রথমে লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হন।ঝাঁকুনিতে অপর শ্রমিক ওসমান নিচে পড়ে যান। এ সময় স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তাদের দ্রুত উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।


