কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার বালুখালী ও আশপাশের এলাকায় যৌথবাহিনীর অভিযানে প্রায় ছয় শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা উখিয়ার বিভিন্ন শরণার্থী ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাস করছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।রবিবার (৮ ফেব্রুয়ারি) ভোর থেকে অভিযান শুরু হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলমান ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন ৯ বেঙ্গল রেজিমেন্টের উপ-অধিনায়ক মেজর আহসানুল হাই সৌরভ।
তিনি বলেন, “ক্যাম্পের বাইরে অবস্থানরত রোহিঙ্গাদের শনাক্ত করে আটক করা হচ্ছে। অভিযান চলমান রয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”এর আগে চট্টগ্রামের দোহাজারি এলাকা থেকে কয়েক দফায় পাঁচজন রোহিঙ্গাকে আটক করে শরণার্থী ক্যাম্পে ফেরত পাঠিয়েছে যৌথবাহিনী।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের অবাধ চলাচল ও বসবাস রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে প্রশাসন।


