রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬
spot_img

চট্টগ্রামে ৬৫৫ কেন্দ্র বিশেষ নজরদারিতে : নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা 

অনলাইন ডেস্ক: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রামের ১ হাজার ৯৬৫টি ভোটকেন্দ্রের প্রায় এক-তৃতীয়াংশকে ‘অতি গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পূর্ববর্তী রেকর্ড ও সামগ্রিক নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় শহর ও জেলা মিলিয়ে ৬৫৫টি কেন্দ্রকে এই শ্রেণিতে রাখা হয়েছে। নির্বাচনের দিন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বডি ওর্ন ক্যামেরা ব্যবহারসহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ইতোমধ্যে গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ কর্মকর্তারা জানান, কারিগরি কারণে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ শব্দের পরিবর্তে ‘অতি গুরুত্বপূর্ণ’ শব্দটি ব্যবহার করা হয়।
এসব কেন্দ্রে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) প্রস্তুত করা তালিকা অনুযায়ী, চারটি নগর আসন ও হাটহাজারীর অংশ নিয়ে ১৬টি থানার অধীনে ৬০৭টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ৩১০টি কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নগরের খুলশী থানায় ৪৭টির মধ্যে সবচেয়ে বেশি ৪৪টি কেন্দ্র অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে।
আকবর শাহ থানার অধীনে থাকা ২৩টি কেন্দ্রের সবকটিই অতি গুরুত্বপূর্ণ। বন্দর থানায় কোনো কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়নি। এ ছাড়া কোতোয়ালী ৫২টির মধ্যে ৩৮টি, সদরঘাটে ২৩টির মধ্যে ১৫টি, চকবাজারে ১৬টির মধ্যে ৪টি, বাকলিয়ায় ৩৯টির মধ্যে ১৩টি, চান্দগাঁওয়ে ৫৬টির মধ্যে ২৭টি, পাঁচলাইশে৩২টির মধ্যে ১৯টি, বায়েজিদ বোস্তামীতে ৫৬টির মধ্যে ১৮টি, ডবলমুরিংয়ে ৪৮টির মধ্যে ১৮টি, হালিশহরে ৪২টির মধ্যে ৩২টি, পাহাড়তলীতে ২৮টির মধ্যে ২০টি, ইপিজেডে ৩১টির মধ্যে ১৩টি, পতেঙ্গায় ২৫টির মধ্যে ৭টি এবং কর্ণফুলীতে ৪৭টির মধ্যে ১৯টি অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে।
অতি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রের বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডেপুটি কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. রইছ উদ্দিন বাংলানিউজকে জানান, ভোটগ্রহণ উপলক্ষে সকল ভোটকেন্দ্রকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে।এর মধ্যে কিছু ভোটকেন্দ্রকে অতিগুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করে সেখানে বিশেষ নজরদারি ও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের আইনশৃঙ্খলা রক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে চট্টগ্রাম জেলা পুলিশের অধীনে থাকা ১ হাজার ৩৫৮টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৪৫টিকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। উপজেলাভিত্তিক হিসেবে সাতকানিয়া-লোহাগাড়ায় সর্বোচ্চ ৬৮টি কেন্দ্র অতি গুরুত্বপূর্ণ। এ ছাড়া সীতাকুণ্ডে ৪৮টি, চন্দনাইশে ৪২টি, বাঁশখালীতে ৪১টি, হাটহাজারীতে ৩০টি, সন্দ্বীপে ২৪টি, পটিয়ায় ২৪টি, বোয়ালখালীতে ২৫টি, রাউজানে ২১টি, আনোয়ারায় ১৩টি, দক্ষিণ রাঙ্গুনিয়ায় ৬টি এবং ভূজপুরে ৩টি কেন্দ্র অতি গুরুত্বপূর্ণ হিসেবে তালিকাভুক্ত হয়েছে।
অতি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রের বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, চট্টগ্রাম জেলার ভোটকেন্দ্রসমূহকে গুরুত্ব বিবেচনায় তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি কেন্দ্রের গুরুত্ব অনুযায়ী মোবাইল টিম নিয়োজিত থাকবে। নির্বাচনকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এছাড়াও সাদা পোশাকে পুলিশ সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রতিটি অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রে একজন সশস্ত্র সেকশন কমান্ডারের নেতৃত্বে চারজন সশস্ত্র পুলিশ সদস্য ও একজন সশস্ত্র আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। প্রিসাইডিং কর্মকর্তার নিরাপত্তায় থাকবেন একজন সশস্ত্র আনসার সদস্য, একজন সশস্ত্র সহকারী সেকশন কমান্ডার, লাঠিসহ চারজন নারী আনসার ও ছয়জন পুরুষ আনসার সদস্য।
এ ছাড়া সশস্ত্র বাহিনী, বিজিবি, উপকূলীয় এলাকায় কোস্ট গার্ড, র‌্যাব, পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করবেন। পরিস্থিতি অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার সঙ্গে পরামর্শক্রমে পুলিশ কমিশনার মোতায়েনকৃত সদস্যসংখ্যা সমন্বয় করতে পারবেন। রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে শনিবার (১৪ ফেব্রুয়ারি) পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। সশস্ত্র বাহিনীও ছয়দিন মাঠে দায়িত্ব পালন করবে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img