মিরসরাই প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে উৎসবমুখর পরিবেশ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭ টা থেকে টানা ভোটগ্রহণ চলছে। এই উপজেলায় দুই হেভিওয়েট প্রার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
সকাল ৮ টায় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান তার নিজ এলাকা আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ১২০ জন। ওসমানপুর ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ১৫ হাজার ১১৪ জন।
সকাল সাড়ে ১০ টায় জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ছাইফুর রহমান তার নিজ এলাকা মিঠানালা কালামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৬০৭ জন। সংশ্লিষ্ট ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ২৩ হাজার ৩৩১ জন।
বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান বলেন, আমি সকাল থেকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে ভোটারদের ব্যাপক উপস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন কোন অভিযোগ নেই, মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারে নাই। সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। জয়ের ব্যাপারে তিনি আশাবাদী।
সাংবাদিকদের কাছে অনুভূতি প্রকাশ করে ছাইফুর রহমান জানান, সকাল থেকে তিনি বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছেন। ভোটারদের ব্যাপক উপস্থিতি। ভোট গ্রহনের সুন্দর পরিবেশ শেষ পর্যন্ত সুষ্ঠ থাকলে তিনি বিজয়ের ব্যাপারে আশাবাদী।


