নিজস্ব প্রতিবেদক: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম মহানগর শাখার চারজন নেতা-কর্মীকে ফুল হাতে শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে স্লোগান দিতে দেখা যায়। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ধারণ করা প্রায় ২২ সেকেন্ডের ভিডিও ও কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী। পোস্টে বলা হয়, যাদের জন্য আমরা আজ মন খুলে কথা বলতে পারি, যাদের তাজা রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষা মাতৃভাষা হিসেবে পেয়েছি, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।তাদের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রনি মির্জার পক্ষ থেকে একুশের প্রথম প্রহরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিনম্র শ্রদ্ধা।
ভিডিওতে চারজনকে ‘ভাষাশহীদের স্মরণে, ভয় করি না মরণে’, ‘ইসলামিয়া কলেজ ছাত্রলীগ, নেতা মোদের শেখ মুজিব’ এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে শোনা যায়। তবে ভিডিওটি চট্টগ্রামের কোন শহীদ মিনারে এবং ঠিক কখন ধারণ করা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ফেসবুক পোস্টেও শহীদ মিনারের সুনির্দিষ্ট অবস্থান উল্লেখ করা হয়নি।
এদিকে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে একই ফেসবুক আইডি থেকে শহীদ মিনারে ফুল দেওয়ার চারটি পৃথক স্থানের ছবি ও ভিডিও শেয়ার করা হয়। একটি পোস্টে উল্লেখ করা হয়, মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ৪২ নম্বর নাসিরাবাদ (সাংগঠনিক) ওয়ার্ড ছাত্রলীগ নেতা আলাউদ্দীন শিবলু’র পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
অন্য একটি পোস্টে লেখা হয়, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি…’-এই দিনে সকল ভাষাসৈনিক ও ভাষা আন্দোলনের শহীদদের প্রতি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের বিনম্র শ্রদ্ধা।আরেকটি পোস্টে বলা হয়, বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে অমর একুশের প্রথম প্রহরে বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়েছে।এছাড়া আরও একটি পোস্টে ‘সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি’ জানিয়ে উম্মে কাওসার এপি, যুব সংগঠক, চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগ-এর পক্ষ থেকে ফুল দেওয়ার কথা জানানো হয়।এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


