অনলাইন ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দৈনিক প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় আগামী দুই মাসের মধ্যে সুষ্ঠু তদন্ত শেষ করে চার্জশিট দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।সালাহউদ্দিন আহমদ জানান, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের আমন্ত্রণে তিনি কার্যালয় পরিদর্শনে আসেন।ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর যে প্রচেষ্টা প্রতিষ্ঠানটি নিয়েছে, তা তাকে মুগ্ধ করেছে।তিনি বলেন, সাম্প্রদায়িক ও উগ্রবাদী শক্তি প্রগতির পথ রুদ্ধ করতে চাইলেও ইতিহাস বলছে, তারা কখনও সফল হয়নি।মন্ত্রী জানান, ঘটনার পরপরই সরকার তীব্র নিন্দা জানিয়েছিল এবং সুষ্ঠু বিচারের দাবি তুলেছিল। বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকায় তদন্ত কার্যক্রম তদারকি করা হচ্ছে।তিনি আরও বলেন, তদন্তের দায়িত্ব নির্বাহী বিভাগের, আর বিচারিক প্রক্রিয়া আদালতের। সংশ্লিষ্ট সংস্থাগুলো তদন্তে কাজ করছে এবং ডিবিকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী দুই মাসের মধ্যে তদন্ত সম্পন্ন করে চার্জশিট দাখিল করতে বলা হয়েছে। এরপর বিচারিক প্রক্রিয়া আদালতে চলবে।সরকার চায় এমন শাস্তি হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।এই ঘটনার ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিশ্ববাসীর কাছে এমন বার্তা গেছে যে, বাংলাদেশে সংবাদপত্রের ওপর হামলা করা যায়। তবে দৃষ্টান্তমূলক বিচারের মাধ্যমে এর বিপরীত বার্তা দেওয়া হবে।গণমাধ্যমের স্বাধীনতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে স্বাধীন গণমাধ্যম ও বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতার অঙ্গীকার রয়েছে।জনগণের দেওয়া ম্যান্ডেট বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।


