মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ফারজানা আক্তার প্রিয়া (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়— বরং পরিকল্পিত ‘হত্যা’।শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ওসমানপুর ইউনিয়নের মুহুরী প্রজেক্ট এলাকায় মহিলা মেম্বার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত ফারজানা আক্তার প্রিয়া ওই এলাকার নুরুল আবসারের ছেলে মেসবাহ উদ্দিন রানার স্ত্রী। তিনি একই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নজর আলী ভূঁইয়া বাড়ির মোমিনুল ইসলামের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। দাম্পত্য জীবনে নিঃসন্তানসহ নানা পারিবারিক কলহ লেগেই থাকত। সম্প্রতি তিনি আড়াই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। স্বামীর বিরুদ্ধে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ রয়েছে বলে দাবি করেছেন তার পরিবার।
নিহতের ভাই মো. জিদান অভিযোগ করে বলেন, তার বোনের স্বামী নেশাগ্রস্ত অবস্থায় বিভিন্ন সময় তাকে মারধর করতেন। দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হয়ে তিনি চরম মানসিক চাপে ছিলেন। ইফতারের কিছুক্ষণ পর আত্মহত্যার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। তার দাবি, মানসিক নির্যাতনের কারণেই এই মৃত্যু হয়েছে এবং তিনি ঘটনার সুষ্ঠু বিচার চান।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


