নিজস্ব প্রতিবেদক: জ্বালানি সংকটের কারণে চট্টগ্রামের কুমিরা ও সন্দ্বীপের গুপ্তছড়া নৌরুটে স্পিডবোট চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কয়েকটি পরিবহন প্রতিষ্ঠান। তবে যাত্রীদের যাতায়াত পুরোপুরি বন্ধ না রাখতে বিকল্প হিসেবে সার্ভিস বোট চলাচল অব্যাহত রাখা হয়েছে বলে ঘাট সংশ্লিষ্টরা জানিয়েছেন।স্পিডবোট চালকেরা জানান, যেখানে আমাদের দৈনিক ৩ হাজার থেকে ৪ হাজার লিটার তেল লাগে সেখানে এখন দিচ্ছে মাত্র ৫০০ থেকে ৬০০ লিটার। এ তেল দিয়ে কুমিরা-গুপ্তছড়া নৌরুটে স্পিডবোট চালানো সম্ভব না।
স্পিডবোট চলাচলকারী প্রতিষ্ঠান আদিল এন্টারপ্রাইজ জানায়, দেশে ও আন্তর্জাতিক বাজারে জ্বালানির সরবরাহ কমে যাওয়ায় অকটেন ও ডিজেলের সংকট দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে কুমিরা-গুপ্তছড়া নৌরুটে চলাচলকারী স্পিডবোট সার্ভিসে। জ্বালানির স্বল্পতার কারণে স্পিডবোট পরিচালনা করা সম্ভব না হওয়ায় আদিল এন্টারপ্রাইজ আপাতত এ রুটে স্পিডবোট চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।ঘাট ইজারাদার জগলুল হোসেন নয়ন বলেন, অকটেন ও ডিজেলের সরবরাহ খুবই কম।তাই বেশ কয়েকটি স্পিডবোট প্রতিষ্ঠান বোট চালানো বন্ধ রেখেছেন। তেল সরবরাহ স্বাভাবিক হলে দ্রুতই স্পিডবোট সার্ভিস চালু করা হবে।স্পিডবোট চলাচলকারী অন্য প্রতিষ্ঠান মেরিন সার্ভিসেস লিমিটেড কর্তৃপক্ষ জানায়, স্পিডবোটগুলো ডকে থাকায় ইতোমধ্যে তাদের সার্ভিস বন্ধ রয়েছে। এরকম তেল সংকট।সংকট কেটে গেলে সার্ভিস স্বাভাবিক হবে।
এ রুটে চলাচলরত যাত্রীরা অভিযোগ করে বলেন, হঠাৎ করে স্পিডবোট বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। জ্বালানি সরবরাহ স্বাভাবিক করে স্পিডবোট চালু করার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ জানান তারা।তবে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত হলে পুনরায় এ নৌরুটে স্পিডবোট চলাচল শুরু করা হবে বলছে কর্তৃপক্ষ।


