মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
spot_img

উজবেকিস্তানের কাছে হেরে বাংলাদেশের বিদায়

ক্রীড়া ডেস্ক: চীন ও উত্তর কোরিয়ার ম্যাচের মতো একপেশে হলো না। পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়াতে মরিয়া চেষ্টা করল বাংলাদেশ। খেলল সাহসী, উজ্জীবিত ফুটবল। সুযোগও পেলেন ঋতুপর্ণা চাকমা, কোহাতি কিসকুরা।কিন্তু জালের দেখা মিলল না কোনোভাবেই।দ্বিতীয়ার্ধে ভেঙে পড়ল দল। শক্তিশালী উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ ঘিরে আকাশ ছোঁয়ার স্বপ্ন ডানা মেললেও, হারতে হলো বড় ব্যবধানেই। প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপে খেলার রোমাঞ্চটুকু নিয়ে গ্রুপ পর্ব থেকে ঝরে পড়ল পিটার বাটলারের দল।পার্থের রেকট্যাঙ্গুলার স্টেডিয়ামে সোমবার গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে ৪-০ গোলে হেরেছে বাংলাদেশ। তিন ম্যাচের সবগুলোতে হেরে দল মেলাতে পারল না কোয়ার্টার ফাইনালে ওঠার সমীকরণ। গ্রুপে চার দলের মধ্যে তলানিতে থেকে শেষ করল আসর।তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ এবং তৃতীয় হওয়া তিন দলের মধ্যে সেরা দুই দল পাবে কোয়ার্টার ফাইনালের টিকেট।সেরা দুই তৃতীয় দলের একটি হওয়ার সম্ভাবনা জিইয়ে রাখতে জয়ের বিকল্প ছিল না উজবেকিস্তান ও বাংলাদেশের। দারুণ জয়ে সেই আশা বাঁচিয়ে রাখল উজবেকিস্তান; পারেনি বাংলাদেশ।
এবারের আসরে অংশ নেওয়া ১২ দলের মধ্যে ফিফা র‌্যাকিংয়ে সবচেয়ে নিচে থাকা বাংলাদেশ (১১২তম) তিন ম্যাচে ১১ গোল হজম করে থামল। কোনো ম্যাচেই প্রতিপক্ষের জালের দেখা পায়নি মেয়েরা। প্রতিযোগিতার নয়বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে ২-০ ব্যবধানে হারের পর তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলে হেরেছিল দল।
লম্বা শারীরিক গড়ন, শক্তি-সামর্থ্যে উজবেকিস্তান এগিয়ে থাকলেও তাদের বিপক্ষে ম্যাচ নিয়ে প্রত্যাশা বেশি ছিল বাংলাদেশের। দুটি পরিবর্তন এনে এ ম্যাচের একাদশ সাজান বাটলার। উত্তর কোরিয়া ম্যাচে শুরু থেকে খেলা নবীরন খাতুন ও শামসুন্নাহার জুনিয়রের বদলে আনিকা রানিয়া সিদ্দিকী ও শিউলি আজিমকে রাখেন তিনি।
ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৬৩ ধাপ এগিয়ে থাকা উজবেকিস্তান শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকে। দুই উইং দিয়ে ভীতি ছড়াতে থাকে রক্ষণে। পঞ্চম মিনিটে ডিফেন্ডারদের কাটিয়ে বক্সে ঢুকে পড়েন লুদমিলা কারাচিক, কিন্তু উজবেকিস্তান অধিনায়কের শট আটকে বাংলাদেশের ত্রাতা গোলকিপার মিলি আক্তার। পরের মিনিটেই লুদমিলার বক্সের বাইরে থেকে নেওয়া ফ্রি কিক যায় বাইরে।
রক্ষণে চাপ ধরে রেখে দশম মিনিটে গোল তুলে নেয় উজবেকিস্তান। নিলুফার কুদরাতোভার থ্রু পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নেন দিয়োরাখোন খাবিবুল্লায়েভা। দারুণ কোণাকুণি শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন তিনি। মিলি ঝাঁপিয়ে পড়লেও বলের গতির সাথে পেরে ওঠেননি।
পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে থাকে বাংলাদেশ। ৩০ মিনিটে গায়ের সঙ্গে সেঁটে থাকা ডিফেন্ডারকে গতিতে পরাস্ত করে বাম পায়ে শট নিয়েছিলেন ঋতুপর্ণা চাকমা, গোলকিপার দারুণ ক্ষিপ্রতায় লাফিয়ে এক হাতের থাবায় সেভ করেন। চীনের বিপক্ষে গ্রুপ পর্বের ২-০ গোলে হেরে যাওয়া ম্যাচেও গোলকিপারের অসামান্য দৃঢ়তায় ঋতুপর্ণার গোল পাওয়া হয়নি।
৪২ মিনিটে সুবর্ণ সুযোগ কড়া নেড়েছিল। ডান দিকে থেকে আসা ক্রস ক্লিয়ার করতে পা চালান উজবেকিস্তানের এক খেলোয়াড়, কিন্তু বল চলে যায় তহুরা খাতুনের পায়ে। বিপদ আচঁ করতে পেরে দ্রুত পোস্ট ছেড়ে বেরিয়ে তহুরার পথ আগলে দাঁড়ান উজবেকিস্তান গোলকিপার।
শট নেওয়ার জায়গায় সংকুচিত হয়ে যাওয়ায় তিনি ব্যাক পাস দেন কোহাতি কিসকুকে, কিন্তু এই ডিফেন্ডার শট একজনের গায়ে লেগে কর্নার হয়। কর্নারের পর মারিয়া মান্দার শট যায় ক্রসবারের ওপর দিয়ে। একটু পর সুইডেন প্রবাসী মিডফিল্ডার আনিকার শটও বাইরে গেলে পিছিয়ে থাকার অস্বস্তি নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধের শুরুতে মাঝমাঠের একটু ওপর থেকে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে গোলকিপার বরাবর দুর্বল শট নেন ঋতুপর্ণ। এরপরের পাল্টা আক্রমণ থেকেই সুযোগ তৈরি করেছিল উজবেকিস্তানের কুদরাতোভা, মিলি দ্রুত পোস্ট ছেড়ে বেরিয়ে পথ আগলে দাঁড়ানোয় তিনি শট নিতে পারেননি।
৫৩ মিনিটে সতীর্থের আড়াআড়ি ক্রসে বক্সে ভালো জায়গা থেকেও পোস্টে শট রাখতে পারেননি দিয়োরাখোন। হতাশায় মুখ ঢাকেন উজবেকিস্তানের এই ফরোয়ার্ড। তবে ৬২ মিনিটে ঠিকই ব্যবধান দ্বিগুণ করে নেয় তারা। সতীর্থের পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে গোলমুখে আড়াআড়ি ক্রস বাড়ান উদিমা জইরোভা, নিখুঁত টোকায় জাল খুঁজে নেন দিলদোরা নজিমোভা।
চার মিনিট পর দিয়োরাখোনে ক্রসে দিলদোরা নজিমোভা প্লেসিং শটে ব্যবধান আরো বাড়ান। বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পথটা কঠিন হয়ে যায় আরো।
৭০ মিনিটে বাংলাদেশের জালে আসালখোন আমিনজনোভা বল জড়ালেও ভিএআর চেকে হয়নি গোল। ডান দিকে উড়ে আসা বল ক্লিয়ার করতে বক্সের বাইরে চলে গিয়েছিলেন মিলি, বল আলতো টোকায় বক্সের ভেতরে এনে ধরেছিলেন তিনি। ওই সময়ই আমিনজনোভা শটে জালে বল জড়িয়ে দেন। ভিএআর চেকে দেখা যায়, বল মিলির গ্লাভসের নিচে থাকা অবস্থায় শট করেছিলেন আমিনজনোভা।
শেষ দিকে উড়ে আসা বল বাংলাদেশের এক ডিফেন্ডার হেডে ক্লিয়ার করতে পারেননি। বল গিয়ে পড়ে নিলুফারের সামনে। প্রথম প্রচেষ্টায় নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত শটে ব্যবধান আরো বাড়ান এই ফরোয়ার্ড।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img