হাটহাজারী প্রতিনিধি: “শিশু আর থাকবে নাকো সহিংসতার ঝুঁকিতে, সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র আছে তাদের সাথে”- এই স্লোগানকে সামনে রেখেই চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে অবস্থিত সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে কেন্দ্রের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঈদুল ফিতর উৎসবের পোশাক ও প্রসাধনী সামগ্রী বিতরণ, ইসলামী সাংস্কৃতিক উৎসব, পুরস্কার বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল এর আয়োজন করা হয়েছে। গত মঙ্গলবার (১৭ মার্চ) বাদ আসর কেন্দ্র মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে সমাজের একেবারেই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর একটি অংশ হিসেবে কেন্দ্রে আশ্রয় পাওয়া সুবিধাবঞ্চিত দুই শতাধিক শিশুর জন্য আসন্ন পবিত্র ঈদুল ফিতর উৎসবের আনন্দকে মহিমান্বিত করতে এই উদ্যোগ গ্রহণ করে চট্টগ্রাম সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং হাটহাজারী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক (প্রশাসন ও অর্থ) মোঃ জসীম উদ্দিন, সহকারী পরিচালক (কার্যক্রম) উর্বশী দেওয়ান, প্রবেশন অফিসার পারুমা বেগম, হাটহাজারী উপজেলা সমাজসেবা অফিসার মুজাহিদুল ইসলাম, প্রশাসনিক যুক্ত জুনিয়র হিসাব রক্ষণ কর্মকর্তা মো: ছানাউল্লাহ, ১নং ফরহাদাবাদ ইউনিয়ন এর চেয়ারম্যান মোঃ শফিউল আজম, ইউপি সদস্য নিজাম মোর্শেদ চৌধুরী, ফরহাদাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ এর পেশ ইমাম হাফেজ মোহাম্মদ সরোয়ার উদ্দীন, নাজিরহাট জামিয়া মিল্লিয়া আহমদিয়া কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুহাম্মদ আজিজুল হাকিম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: আলমগীর, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: আইয়ুব, প্রিন্টেড ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং আরও অনেকে। চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয় এর উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক এর সভাপতিত্বে এবং কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার এর সার্বিক তত্ত্বাবধানে ও ফিজিক্যাল ইন্সট্রাক্টর গমন কান্তি দে এর সঞ্চালনায় আয়োজনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করে নিবাসী শিশু সাকিপা। এরপরেই পবিত্র মাহে রমজান মাসের গুরুত্ব এবং আসন্ন পবিত্র ঈদুল ফিতর এর মাহাত্ম্য ও করণীয় সম্পর্কে আলোচনা করেন বক্তাবৃন্দ।

অতঃপর নিবাসী শিশুদের অংশগ্রহণে পরিবেশিত মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত সকলকেই বিমোহিত করে তোলে। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে নিবাসী শিশুরা ‘মাহে রমজানের শিক্ষা’ নামে নাটিকা ও পরিবেশন করে। এছাড়াও অনুষ্ঠানে সকলের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন ফরহাদাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ এর পেশ ইমাম এবং চট্টগ্রাম সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের খন্ডকালীন ধর্মীয় শিক্ষক হাফেজ মোহাম্মদ সরোয়ার উদ্দীন। অনুষ্ঠানের শেষভাগে কেন্দ্রের শিশুদের মাঝে ঈদের পোশাক ও প্রসাধনী সামগ্রী এবং পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার বলেন- মূলত: আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কেন্দ্রে আশ্রয় পাওয়া সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোঁটানোর মাধ্যমে ঈদের আনন্দকে ভাগাভাগি করতেই আমাদের এই ছোট্ট প্রয়াস।


