অনলাইন ডেস্ক : জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচারকারীদের বিষয়ে স্থানীয় প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করলে এক লাখ টাকা পর্যন্ত পুরস্কারের ঘোষণা দিয়েছে সরকার।জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সোমবার (৩০ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ পুরস্কার ঘোষণা করে বলেছে, জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার রোধে জনসম্পৃক্ততা বাড়ানো এবং মাঠপর্যায়ে তথ্যভিত্তিক ব্যবস্থা নিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।সাম্প্রতিক সময়ে জ্বালানি সরবরাহ, মজুদ ও বিক্রি ঘিরে সরকারের নজরদারি বাড়ানোর পদক্ষেপের মধ্যে এ ঘোষণা এল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদেশে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় দেশে একশ্রেণির অসাধু ব্যবসায়ী সাধারণ মানুষের জন্য আমদানি করা জ্বালানি তেল সরকার নির্ধারিত দামে বিক্রি না করে গোপনে মজুদ করে বেশি দামে বিক্রি করছে বলে খবর পাওয়া যাচ্ছে। মাঠ প্রশাসন ইতোমধ্যে এ ধরনের একাধিক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। তবে এরপরও এই অসাধু প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে।
এই পরিস্থিতিতে সরকার উচ্চ মূল্যে আমদানি করা জ্বালানি তেলের ‘সুষম ব্যবহার নিশ্চিত করতে’ চোরাই ও অবৈধ মজুদদারির তথ্যদাতাদের আর্থিক পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিল।
তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে জানিয়ে মন্ত্রণালয় বলেছে, সংশ্লিষ্ট জেলা প্রশাসক তথ্যদাতার পুরস্কারের অর্থ পাওয়ার বিষয়টি নিশ্চিত করবেন। এই ‘আর্থিক সম্মানী’ ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থা সবার জন্য উন্মুক্ত থাকবে।
মন্ত্রণালয় বলেছে, ভোক্তা পর্যায়ে সরকার নির্ধারিত দামে জ্বালানি তেলের সরবরাহ অটুট রাখা এবং অবৈধ মজুদদারি বন্ধে বিপিসির নেওয়া উদ্যোগ জেলা প্রশাসনের সহায়তায় বাস্তবায়নের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠানো হচ্ছে।
এই উদ্যোগের ফলে অবৈধ মজুদ ও পাচারকারীদের বিষয়ে মানুষ আরও সতর্ক ও সচেতন হবে এবং অবৈধ মজুদ ও পাচারজনিত কৃত্রিম সংকটও ‘অনেকটা’ ঠেকানো সম্ভব হবে বলে বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়েছে।এর আগে শুক্রবার রাতে এক বার্তায় জ্বালানি বিভাগ বলেছিল, জ্বালানি তেলের সরবরাহ তদারকিতে সব জেলায় ‘ভিজিলেন্স টিম’ গঠন করা হয়েছে এবং অবৈধ মজুদদারি বন্ধে তথ্য প্রদানকারীদের জন্য পুরস্কারের ঘোষণা আসছে।সেই ঘোষণার ধারাবাহিকতায় এবার পুরস্কারের অঙ্ক জানিয়ে দেওয়া হল।


