হাটহাজারী প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাজ্জাদ হোসেন নিহাদ (১৭) নামের এক কিশোর নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তানভির নামে তার এক বন্ধুও।সোমবার (৩০ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের সত্তারঘাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।নিহত সাজ্জাদ পূর্ব মেখল গ্রামের আনন্দবাজার এলাকার শামসুল আলমের ছেলে। তিনি পৌরসভার একটি মোবাইলফোন দোকানে কাজ করতেন।
স্থানীয় সূত্র জানায়, রাতে সাজ্জাদ ও তানভির মোটরসাইকেলযোগে সত্তারঘাট এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পিলারে ধাক্কা দেয়। এতে দুই আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। মোটরসাইকেলটিও দুমড়ে–মুচড়ে যায়।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা সাজ্জাদকে মৃত ঘোষণা করেন। তানভিরের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রাউজান হাইওয়ে থানা–পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আরেকজন চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


