কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে ছোঁয়াচে রোগ হাম আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হামে মোট তিন শিশুর মৃত্যু হলো। সর্বশেষ আজ বৃহস্পতিবার ভোরে কক্সবাজার সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়।মৃত শিশুটি জেসিন (৯ মাস)। সে মহেশখালীর ছোট মহেশখালী এলাকার বাসিন্দা।
এর আগের দিন একই উপজেলার হিরা মনি (৭ মাস) নামের আরেক শিশুর মৃত্যু হয়। এ ছাড়া আরও একটি শিশুর মৃত্যু হয়েছে, তবে তার পরিচয় জানা যায়নি।
কক্সবাজার সদর হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের সহকারী রেজিস্ট্রার শহিদুল আলম বলেন, এ পর্যন্ত তিন শিশুর মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে অন্তত একজন নিউমোনিয়াসহ অন্যান্য জটিলতায় আক্রান্ত ছিল।জেলায় হামের সংক্রমণ বাড়ছে। কক্সবাজার সদর হাসপাতালের হাম ওয়ার্ডে বর্তমানে ৪২ শিশু ভর্তি রয়েছে। এ ছাড়া কক্সবাজার জেনারেল হাসপাতালে আরও ৫ শিশু চিকিৎসাধীন। সব মিলিয়ে দুই হাসপাতালে ভর্তি শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭।হাসপাতাল সূত্রে জানা গেছে, রোগীর চাপ বাড়তে থাকায় হাম রোগীদের জন্য পৃথক ওয়ার্ড ও আলাদা নার্সিং ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চিকিৎসা দিতে চাপ তৈরি হচ্ছে।
কক্সবাজার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ইরফানুল হক সবুজ জানান, রমজানের মাঝামাঝি সময় থেকে হাম আক্রান্ত শিশু ভর্তি শুরু হয় এবং তা ক্রমেই বাড়ছে।এদিকে জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও হাম আক্রান্ত শিশু ভর্তি হচ্ছে বলে জানা গেছে, তবে সুনির্দিষ্ট সংখ্যা পাওয়া যায়নি।
কক্সবাজারের ভারপ্রাপ্ত সিভিল সার্জন মহিউদ্দীন মোহাম্মদ আলমগীর বলেন, মহেশখালী, হোয়াইক্যং, রামুর মিঠাছড়ি, শহরের কালুরদোকান, পাহাড়তলি ও রুমালিয়ারছড়া এলাকায় হামের প্রাদুর্ভাব বেশি।তিনি জানান, হাম প্রতিরোধে ৯ মাস ও ১৫ মাস বয়সে দুই ডোজ টিকা দেওয়া হয়। জেলায় প্রায় ৯৫ শতাংশ শিশু টিকার আওতায় এসেছে এবং টিকার পর্যাপ্ত মজুদ রয়েছে। পাশাপাশি সচেতনতা বাড়াতে কাজ চলছে।


