নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম জেলার বিভিন্ন প্রান্তে চলমান এবং অনুষ্ঠেয় মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সন্ধ্যা ৭টার মধ্যে বিলবোর্ডের বাতি আবশ্যিকভাবে বন্ধ রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।
এ আদেশ পালনের জন্য সবার কাছে অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক। আদেশ ভঙ্গকারী সংশ্লিষ্ট ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দেন তিনি। জেলা প্রশাসক স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।এতে বলা হয়, দেশের বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধির সঙ্গে ৪ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রীর একটি সভা অনুষ্ঠিত হয়।
সভার সিদ্ধান্ত মোতাবেক চট্টগ্রাম জেলার সব উপজেলা ও মহানগরে অবস্থিত বিভিন্ন শপিংমল, মার্কেট, দোকান, বিলবোর্ড এবং চলমান/অনুষ্ঠেয় মেলা/বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিষয়ে নিম্নোক্ত শর্ত আরোপ করা হলো।বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে।
তবে, বিলবোর্ডের বাতি আবশ্যিকভাবে সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। জেলার বিভিন্ন প্রান্তে চলমান এবং অনুষ্ঠেয় মেলা/বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে।


