মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে একটি চিত্রা হরিণ প্রকাশ্যে জবাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় ছড়িয়ে পড়া ৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, একটি হরিণকে মাটিতে চেপে ধরে রেখেছেন এক ব্যক্তি। অন্য একজন দা দিয়ে সেটির গলা কাটার চেষ্টা করছেন। পাশে আরও একজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ভিডিওতে হরিণ জবাইকারীদের একজনকে বলতে শোনা যায়, ‘ভিডিও কেন ধারণ করা হচ্ছে।’ পাল্টা প্রশ্ন করেন ভিডিও ধারণকারী ব্যক্তি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের মুহুরী প্রকল্প এলাকায়, যা মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নিকটবর্তী। তবে ভিডিওটি ধারণ করা হয় ১১ এপ্রিল বিকেলে।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বন বিভাগের তথ্য অনুযায়ী, একসময় মিরসরাই উপজেলার উপকূলীয় অন্তত ২০ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত ছিল সবুজ ম্যানগ্রোভ বন। এই বন ছিল কয়েক হাজার হরিণসহ বিভিন্ন প্রজাতির সাপ, শিয়াল, বেজি, মেছো বাঘ এবং শতাধিক প্রজাতির পাখপাখালির নিরাপদ আশ্রয়স্থল।
তবে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কার্যক্রম শুরু হওয়ার পর থেকে ওই এলাকায় ধীরে ধীরে বন উজাড় হতে থাকে। এর ফলে বন্যপ্রাণী ও পাখপাখালির আবাসস্থল মারাত্মকভাবে সংকুচিত হয়ে পড়ে এবং অনেক প্রজাতির অস্তিত্ব হুমকির মুখে পড়ে।
বন বিভাগ আরও জানায়, শিল্পাঞ্চল স্থাপনের জন্য অধিগ্রহণকৃত এলাকা এবং এর আশপাশে বর্তমানে কিছু হরিণের অস্তিত্ব টিকে আছে। ধারণা করা হচ্ছে, জবাই করা চিত্রা হরিণটি ওই এলাকা থেকে দলছুট হয়ে বাইরে চলে এসেছিল।
উপকূলীয় বন বিভাগের মিরসরাই রেঞ্জ কর্মকর্তা শাহেনশাহ নাওশাদ বলেন, ‘ভিডিওটি আমাদের নজরে এসেছে। প্রাথমিকভাবে তিনজনকে শনাক্ত করা হয়েছে, তারা আশপাশের খামারে কাজ করেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।’


