নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীতে পাকিস্তানে তৈরি একটি রিভলবার, পাঁচ রাউন্ড গুলিসহ মো. দিদারুল আলম মাসুম (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তার সহযোগী মো. সাহেদ ওরফে পিচ্চি (৩৫) পলাতক রয়েছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে নগরীর খুলশী থানার লালখান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডিবি-পশ্চিম বিভাগ।বিকেলে সিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) মোহাম্মদ মাহবুব আলম এ তথ্য জানান।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, লালখান বাজার এলাকায় কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী অপরাধমূলক কর্মকাণ্ডের উদ্দেশে অবস্থান করছে। এর ভিত্তিতে অভিযান চালিয়ে দিদারুল আলম মাসুমকে আটক করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুম জানান, প্রায় এক মাস আগে সহযোগী সাহেদ ওরফে পিচ্চির মাধ্যমে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলি সংগ্রহ করেন। পরে সেগুলো লুকিয়ে রাখার জন্য সাহেদের কাছে দেন।পরে মাসুমের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সকাল ৭টা ৫০ মিনিটে লালখান বাজার টাংকির পাহাড় এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সাহেদ পালিয়ে যায়। পরে তার ঘর থেকে একটি সচল বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম বলেন, ‘উদ্ধার করা রিভলবারটির ব্যারেলের এক পাশে মেইড ইন পাকিস্তান লেখা রয়েছে।এই ঘটনায় খুলশী থানায় মামলা করা হয়েছে। তার সহযোগী সাহেদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’


