নিজস্ব প্রতিবেদক: নগরের কোতোয়ালী থানাধীন এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল থেকে ১২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।গ্রেপ্তারকৃতকরা হলেন, তানভীর হাসান (২৭), মোসলেম উদ্দিন (৪০), বিপু ঘোষ বিলু (৫৫), মো. নাহিদ হোসেন (১৯), মো.সাইফুল ইসলাম (২০), মো.নওশের উদ্দিন চৌধুরী (২১), মো.জুয়েল (২৪), মো.আলাল (২১), মো.আসিফ (২২), মো. শুভ রহমান (২২), সৌরভ দেওয়ানজী (২৯) ও ইমাম হোসেন সাদমান (২২)।
পুলিশ জানিয়েছে, গত ২৪ এপ্রিল দুপুর আনুমানিক ১টা ৩৫ মিনিটে নিউ মার্কেট মোড়ে অবস্থানকালে বেতার বার্তার মাধ্যমে খবর পায়, নিষিদ্ধ সংগঠনের কয়েকজন নেতাকর্মী পলোগ্রাউন্ড মাঠ থেকে টাইগারপাসমুখী রেলওয়ে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল করছে।খবর পেয়ে কোতোয়ালী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা লাঠিসোটা ও ইট-পাটকেল ফেলে বিভিন্ন গলিপথে পালিয়ে যায়।কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল থেকে ১২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সঙ্গে সম্পৃক্ত। তারা সংঘবদ্ধ হয়ে নাশকতা সৃষ্টি, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে এসব কর্মকাণ্ডে জড়িত ছিল।


