শুক্রবার, মে ১, ২০২৬
spot_img

চট্টগ্রাম পানির নিচে নয়, ভারী বৃষ্টিতে সাময়িক জলজট: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরী পানির নিচে তলিয়ে গেছে- এমন প্রচারকে অতিরঞ্জিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে নগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান প্রকল্প ও খাল সংস্কার কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করে তিনি বলেন, ‘বাস্তবে এটি স্থায়ী জলাবদ্ধতা নয়, বরং সাময়িক জলজট।’
প্রতিমন্ত্রী বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ২০২৩ সালের পুরোনো ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হয়েছে। সংসদে বিষয়টি ওঠার পর প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত চট্টগ্রামে এসে কাজ শুরু করেছি। গতকাল রাত থেকেই বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি। যেভাবে বিষয়টি উপস্থাপন করা হয়েছে, বাস্তবে তেমন ভয়াবহ কিছু দেখিনি।’
তার ভাষায়, হঠাৎ ৮০ থেকে ৯০ মিলিমিটার বৃষ্টি হলে পানি সরতে সময় লাগা স্বাভাবিক। এটিকে জলাবদ্ধতা বলা যাবে না, এটি সাময়িক জলজট। প্রকৃত জলাবদ্ধতা তখনই বলা যায়, যখন তিন-চার দিন পানি নেমে না যায়।
পরিদর্শনের অংশ হিসেবে প্রতিমন্ত্রী নগরীর মহেশ রেগুলেটর, মহেশখাল কুমার রেগুলেটর, বারেক বিল্ডিং মোড়, কোতোয়ালী মোড়, মেরিন ড্রাইভ, মরিয়ম বিবি, কলাবাগিচা, টেকপাড়া, চাক্তাই ও রাজাখালী খালসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এছাড়া শাহ আমানত সেতু সংযোগ সড়ক, বাকলিয়া এক্সেস রোড, চাক্তাই ডাইভারশন খাল, চন্দনপুরা, চকবাজার ফুলতলা ব্রিজ, কাপাসগোলা, কাতালগঞ্জ ও প্রবর্তক মোড় এলাকার উন্নয়ন কাজের অগ্রগতি পর্যালোচনা করেন।
তিনি বলেন, ‘নগরীর ৩৬টি খালের মধ্যে কয়েকটিতে চলমান উন্নয়নকাজের কারণে পানি প্রবাহে সাময়িক বাধা সৃষ্টি হয়েছিল। রিটার্নিং ওয়াল ও অস্থায়ী ব্যারিকেডের কারণে কিছু এলাকায় পানি জমলেও সিটি কর্পোরেশন, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ব্রিগেড, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও পানি উন্নয়ন বোর্ডের সমন্বিত উদ্যোগে দ্রুত পানি নিষ্কাশন নিশ্চিত করা হয়েছে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘বর্ষা মৌসুমের আগে আপাতত খাল ও ড্রেন উন্নয়নকাজ সীমিত রাখা হবে এবং যেসব স্থানে ব্যারিকেড রয়েছে, তা অপসারণ করা হবে। তবে চলমান প্রকল্পের মেয়াদ কিছুটা বাড়তে পারে এবং আগামী ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘২০১৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অগ্রগতি, ব্যয় বৃদ্ধি ও সময় বৃদ্ধির বিষয়গুলো সরকার গুরুত্বসহকারে পর্যালোচনা করছে। কোথায় কী কারণে জটিলতা তৈরি হয়েছে, তা আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে বিশ্লেষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
সিটি মেয়রের নেতৃত্বে কমিটি গঠন প্রসঙ্গে তিনি বলেন, ‘সমন্বিত উদ্যোগ জোরদার করতে মেয়রের নেতৃত্বে সব সেবা সংস্থাকে নিয়ে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এই কমিটি কার্যকরভাবে কাজ করলে ভবিষ্যতে স্থায়ী সমাধান সম্ভব হবে।’
খাল ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, ‘নগরীর ৩৬টি খাল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত হয়েছে। খাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, সৌন্দর্যবর্ধন, ওয়াকওয়ে সচল রাখা এবং ময়লা-আবর্জনা ঠেকাতে নেটিং সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। হস্তান্তরের পর এক বছর সেনাবাহিনী ও সিটি কর্পোরেশন যৌথভাবে রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করবে।’
এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘চলমান প্রকল্পের কারণে সাময়িক ভোগান্তি হলেও দীর্ঘমেয়াদে এর সুফল মিলবে। ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে আমরা কাজ করছি। যেখানে সমস্যা হয়েছে, সেখানে সরাসরি কথা বলে সহযোগিতা করা হবে।’
মেয়রের দাবি, গত এক বছরে নগরীর প্রায় ৬০ শতাংশ জলাবদ্ধতা কমানো সম্ভব হয়েছে। তিনি বলেন, ‘৩০ বছরের একটি সমস্যা সমাধানে সিডিএ, সেনাবাহিনী ও পানি উন্নয়ন বোর্ডসহ সব সংস্থার সমন্বয়ে কাজ চলছে। প্রতিমন্ত্রীর উদ্যোগে সমন্বিত কমিটি গঠিত হলে কাজের গতি আরও বাড়বে।’
এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে জলাবদ্ধতা পরিস্থিতির ৭০ থেকে ৮০ শতাংশ উন্নতি হয়েছে এবং চলমান প্রকল্পগুলো শেষ হলে স্থায়ী সমাধান আরও দৃশ্যমান হবে। আগামী বর্ষা মৌসুমে চট্টগ্রামবাসীকে আগের মতো দুর্ভোগে পড়তে হবে না।’

 

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img