খবর বিজ্ঞপ্তি: বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের উদ্যোগে অগ্নিযুগের প্রথম নারী শহিদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ১১৬তম জন্মদিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে| এ উপলক্ষে পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবের সামনে প্রীতিলতার ভাস্কর্যে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়| শ্রদ্ধা নিবেদন শেষে পরিষদের সভাপতি ও সানোয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ শেখর দত্তের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়| সভায় বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক, মোহাম্মদ আবুল হোসেন, প্রাচির দাশ, ˆশশব দাশ, রাজ দাশ ও বিভিন্ন সামাজিক ব্যক্তিত্ব|
বক্তারা বলেন, আজকে থেকে ১১৬ বছর আগে চট্টগ্রাম জেলা পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে পিতা জগবন্ধু ওয়াদ্দেদার ও মাতা প্রতিভা দেবীর ঘরে জন্মগ্রহণ করে প্রীতিলতা, তাঁর জন্ম চট্টগ্রামের মাটিকে ধন্য করেছে| প্রীতিলতা ব্রিটিশবিরোধী আন্দোলনকে ত্বরান্বিত করে স্বাধীনতা সংগ্রামে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন| বর্তমান সময়ে যখন একটি গোষ্ঠী নারীদের ঘরের মধ্যে সীমাবদ্ধ করে রাখতে চায়, তখন প্রীতিলতার জীবন আমাদের সামনে সাহস, শক্তি ও সংগ্রামের অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়| প্রীতিলতা সাহসিকা নারী হিসেবে পৃথিবীর সংগ্রামী মানুষের হৃদয়ে চিরজাগরূক থাকবে|


