বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী। দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে একসঙ্গে পথ চলছেন তারা। বর্তমানে মেয়ের পড়াশোনার কারণে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মৌসুমী, আর দেশে আছেন সানী। দূরত্ব থাকলেও বিশেষ দিনগুলোতে ভালোবাসা প্রকাশ করতে ভোলেন না এই তারকা দম্পতি।আজ বুধবার (৬ মে) ওমর সানীর ৫৫তম জন্মদিনে একটি ভিডিও বার্তা পাঠিয়ে আবারও ভালোবাসার সেই বন্ধন তুলে ধরলেন মৌসুমী। ভিডিওতে তাকে কেক সামনে রেখে ‘হ্যাপি বার্থডে’ গান গাইতে দেখা যায়। এরপর স্বামীর উদ্দেশে তিনি বলেন, ‘শুভ জন্মদিন সানী, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। আমি উইশ করি তুমি আমাদের মাঝে, আমার জীবনে বটগাছ হয়ে থেকো সব সময়।’এতেই থেমে থাকেননি তিনি। আরো আবেগঘন কণ্ঠে বলেন, ‘বারবার তোমাকে এভাবেই আমার পাশে চাই, সব সময়ের জন্য। লাভ ইউ!’স্ত্রীর এই ভালোবাসার জবাব দিতেও দেরি করেননি ওমর সানী। ভিডিওটি নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করে তিনি লেখেন, ‘ধন্যবাদ প্রিয়দর্শিনী, তোমার জন্য দোয়া।’
উল্লেখ্য, ১৯৯৪ সালে ‘দোলা’ সিনেমার মাধ্যমে পর্দায় একসঙ্গে পথচলা শুরু করেন ওমর সানী ও মৌসুমী। প্রথম ছবিতেই দর্শকদের মন জয় করেন তারা। এরপর ‘আত্মঅহংকার’, ‘প্রথম প্রেম’, ‘মুক্তির সংগ্রাম’, ‘হারানো প্রেম’সহ একাধিক ব্যবসাসফল সিনেমা উপহার দেন এই জুটি।
সিনেমার কাজ করতে গিয়েই গড়ে ওঠে তাদের প্রেম, যা ১৯৯৫ সালের ২ আগস্ট বিয়েতে পরিণতি পায়। দীর্ঘ প্রায় তিন দশকের দাম্পত্য জীবনে এখনো একই রকম ভালোবাসায় আবদ্ধ এই তারকা জুটি।বর্তমানে অভিৃনয়ে খুব বেশি নিয়মিত না হলেও ওমর সানী ব্যবসা ও সামাজিক নানা কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত সময় পার করছেন।


