নিজস্ব প্রতিবেদক: লালদিয়ার চরে পুনর্বাসন প্রক্রিয়ায় কোনো পরিবার যেন দুর্ভোগে না পড়ে, সে বিষয়ে সিটি করপোরেশন মানবিক দৃষ্টিকোণ থেকে কাজ করছে বলে জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে লালদিয়ার চরে উচ্ছেদ করা ও পুনর্বাসনপ্রত্যাশী পরিবারকে চসিকের পক্ষ থেকে ত্রাণসামগ্রী হিসেবে চাল বিতরণকালে মেয়র এ কথা জানান।তিনি বলেন, সবার সঙ্গে সমন্বয় করে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে। উন্নয়ন অবশ্যই মানুষের স্বার্থ ও নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে করতে হবে।লালদিয়ার চর পুনর্বাসন বাস্তবায়ন কমিটি আয়োজিত এ কর্মসূচিতে ২০০ পরিবারকে ত্রাণসামগ্রী দেওয়া হয়। সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন এ মানবিক সহায়তা কার্যক্রমের তত্ত্বাবধান করেন।এ সময় স্থানীয় বিভিন্ন ইস্যু প্রসঙ্গে তিনি বলেন, ধর্মীয় স্থাপনা, মসজিদ ও কবরস্থান নিয়ে কোনো ধরনের জটিলতা সৃষ্টি না হওয়ার বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। তিনি বলেন, পুনর্বাসনপ্রত্যাশী পরিবারের পাশে সিটি করপোরেশন সবসময় রয়েছে এবং ধাপে ধাপে সমস্যার সমাধান করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি ডা. নুরুল আবসার, বিএনপি নেতা মো. ইসমাইল, আবদুল সাত্তার, মো. ইলিয়াস, ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক নাজমুল হুদা চৌধুরী নাজিম, সদস্যসচিব আলী আজম, বিএনপি নেতা আতিকুর রহমান, জসিম উদ্দিন মিল্কি, জিয়াউর রহমান, মনির হোসেন, নজরুল ইসলাম, আবদুল কাদের, আলী হোসেন, আবদুল মালেকসহ লালদিয়ার চর পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্যরা।


