বাঁশখালী প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের পালেগ্রামে অবস্থিত শ্রী শ্রী আদি নিমকালী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৮ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।মন্দির পরিচালনা কমিটির সদস্য সচিব ও সাধারণ সম্পাদক মিন্টু কান্তি পাল জানান, প্রতিদিনের মতো সন্ধ্যা উপাসনা শেষে মন্দিরের কর্মচারীরা গেট ও গর্ভগৃহ তালাবদ্ধ করে চলে যান। শনিবার ভোরে বাল্যভোগের জন্য আসা কার্তিক পাল প্রথম ঘটনাটি দেখতে পান। পরে দেখা যায়, গেট ও মূল মন্দিরের প্রবেশদ্বারের তালা ভেঙে চোরের দল গর্ভগৃহে প্রবেশ করে মায়ের মূর্তিতে পরিহিত প্রায় ৫ ভরি স্বর্ণালংকারসহ পূজার কাঁসা-পিতলের সামগ্রী চুরি করে নিয়ে যায়।
তিনি আরও জানান, প্রায় সাড়ে তিনশ বছরের পুরোনো এই মন্দিরে আগে কখনও চুরির ঘটনা ঘটেনি। ঘটনার পর মন্দির কর্তৃপক্ষ, স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানকে জানানো হয় এবং বাঁশখালী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।বাল্যভোগের জন্য আসা কার্তিক পাল বলেন, ‘সকাল সাড়ে ছয়টার দিকে মন্দিরে প্রবেশ করে চুরির বিষয়টি টের পাই। পরে সবাইকে জানাই।’
মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রবাস পাল বলেন, ‘রাত আনুমানিক ১২টা থেকে ৩টার মধ্যে চোরের দল তালা ভেঙে গর্ভগৃহে প্রবেশ করে স্বর্ণালংকার ও পূজার সামগ্রী নিয়ে যায়।’
এ ব্যাপারে রামদাস হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ তপন কুমার বাকসী বলেন, ‘মন্দিরের প্রবেশপথের গেটের তালা ভেঙে চোর ঢুকে স্বর্ণ ও রূপার অলংকার চুরি করে নিয়ে যায়। অভিযোগ পাওয়ার পর পুলিশ কাজ শুরু করেছে।’
প্রসঙ্গত, প্রায় ১৭১০ খ্রিষ্টাব্দে তৎকালীন জমিদার রাম সুন্দর শর্মা এই ঐতিহ্যবাহী মন্দিরটি প্রতিষ্ঠা করেন বলে স্থানীয়ভাবে জানা যায়। স্বপ্নাদিষ্ট হয়ে তিনি মানিক পাঠান গ্রামের সোনাইছড়ি খালের পশ্চিমে ভেসে আসা নিম কাঠ দিয়ে মা কালীর প্রতিমা তৈরি করেন। পরবর্তীতে এক সন্ন্যাসীর মাধ্যমে এখানে পূজার্চনা শুরু হয়। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের কাছে মন্দিরটি অত্যন্ত পবিত্র ও ঐতিহাসিক ধর্মীয় স্থান হিসেবে বিবেচিত।


