অনলাইন ডেস্ক: চট্টগ্রাম: কর্ণফুলী উপজেলায় মোস্তফা অয়েল সাপ্লাইয়ার নামের একটি প্রতিষ্ঠানকে বিপুল পরিমাণ ময়লাযুক্ত জ্বালানি তেল মজুত রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৩ মে) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার জুলধা ইউনিয়নের ১১ নম্বর মাতব্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল আমিন হোসেন। সঙ্গে ছিলেন সেনাবাহিনী, র্যাব ও পুলিশ সদস্যরা।নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাতব্বর ঘাটের মোস্তফা অয়েল সাপ্লাইয়ার নামের দোকানে অভিযান চালানো হয়। এ সময় ওই দোকানে বিপুল পরিমাণ ময়লাযুক্ত জ্বালানি তেল পাওয়া যায়।ময়লাযুক্ত জ্বালানি তেল মজুত রাখার দায়ে দোকানদার মোহাম্মদ তারেককে ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


