পটিয়া প্রতিনিধি: পটিয়া উপজেলায় শুরু হয়েছে ভূমি সপ্তাহ-২০২৬। “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৯ মে) উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এ সপ্তাহের উদ্বোধন করা হয়।কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম ১২ পটিয়া আসনে সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি এনাম বলেন, ভূমি সংক্রান্ত সেবাকে আরও দ্রুত, নিরাপদ ও দুর্নীতিমুক্ত করতে সরকার ডিজিটাল ব্যবস্থাপনার ওপর জোর দিচ্ছে। তিনি বলেন, “দালালচক্রের কারণে সাধারণ মানুষ যেন ভোগান্তিতে না পড়ে, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে।বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান বলেন, প্রযুক্তিনির্ভর ভূমি সেবা চালুর ফলে মানুষের সময় ও খরচ দুটোই কমছে।
ভবিষ্যতে আরও সহজ ও নাগরিকবান্ধব সেবা নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে বলেও জানান তিনি। এ সময় আরো উপস্থিত ছিলেন অফিস সহকারী উজ্জ্বল বডুয়া,পেশকার মোহাম্মাদ মোরশেদসহ বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ভূমি সপ্তাহ উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধি ও সেবার স্বচ্ছতা নিশ্চিত করতে সপ্তাহজুড়ে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে।


