অনলাইন ডেস্ক: রাঙামাটি শহরের তবলছড়ি পোস্ট অফিস কলোনি এলাকা থেকে এক পুলিশ কর্মকর্তার গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জুন) দিবাগত রাত পৌনে ১টার দিকে ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত পুলিশ সদস্য সদর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাজেদুল হক। তিনি ওই এলাকায় ভাড়া বাসায় স্ত্রী ও এক সন্তান নিয়ে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে তিনি নিজ কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন। পরে দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও সাড়া না পেয়ে পরিবারের পক্ষ থেকে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে রাঙামাটির কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং এসআই সাজেদুল হকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন রাঙামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন ও অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দীন।
রাঙামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।


