অনলাইন ডেস্ক: দুই দিনের সফরে আগামী ১৪ জুন কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি চকরিয়া ও পেকুয়া উপজেলায় একাধিক উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেবেন।শুক্রবার (৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার-২ (চকরিয়া–পেকুয়া) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদের প্রেস সেক্রেটারি সাফওয়ানুল করিম।সফরের প্রথম দিন ১৪ জুন সকাল ১১টায় চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও পার্ক পরিদর্শনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর কার্যক্রম শুরু হবে।
এরপর তিনি পেকুয়ার উদ্দেশে রওনা দেবেন। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ওয়াসিমের কবর জিয়ারত করার কথা রয়েছে।
পেকুয়ায় পৌরসভার ভিত্তিপ্রস্তর উন্মোচন এবং একটি স্থানীয় উন্নয়নমূলক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।দিনের পরবর্তী অংশে চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি।
দিনভর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারে রাতযাপন করবেন। পরদিন স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় শেষে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।সফরকে কেন্দ্র করে চকরিয়া ও পেকুয়া এলাকায় প্রশাসনিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলে জানা গেছে।


