বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে চোখ ধাঁধানো টর্চের আলোয় মরিচ গুঁড়া ছুড়ে ব্যবসায়ীর নগদ টাকা ও মোবাইল কেড়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৯ জুন) রাতে এ ঘটনায় বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ৪৬ বছর বয়সী ব্যবসায়ী গৌতম চৌধুরী।সোমবার (৮জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনার শিকার হন তিনি।
বোয়ালখালীর শাকপুরা চৌমুহনী বাজারে তার লোকনাথ ক্লথ স্টোর নামের কাপড়ের দোকান আছে।এই দোকানে তিনি মোবাইল ব্যাংকিং এজেন্টের লেনদেনও করেন।উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গগন সেন বাড়ির বাসিন্দা গৌতম চৌধুরী বলেন, প্রতিদিনের মতো সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলাম।তখন রাত প্রায় সাড়ে ১২টা। গাড়ি থেকে নেমে হেঁটে সারোয়াতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দুর্গাবাড়ি এলাকায় পৌঁছালে দুই যুবক চোখ ধাঁধানো টর্চের আলো ফেলে গতিরোধ করে।এসময় মুখে মরিচের গুঁড়া ছুড়ে এবং ভারী কিছু দিয়ে আঘাত করতে থাকে। এরপর সাথে থাকা নগদ ৩০ হাজার টাকা ও ১৮ হাজার টাকা দামের তিনটি মোবাইল সেট কেড়ে নিয়ে যায়। ওই যুবকদের বয়স ২৮ থেকে ৩০ বছর হবে। তারা রাস্তার পাশে ঝোপের আড়ালে ওত পেতে ছিলো।
আতঙ্কে থাকা এ ব্যবসায়ী বলেন, দীর্ঘদিনের চেনা পথ হঠাৎ করেই অচেনা হয়ে গেল। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাহফুজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে। দোষীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।


