নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে দুপুরে এক পশলা বৃষ্টিতে নগরীর পাঁচলাইশ আবাসিক, কাতালগঞ্জ ও বাদুরতলা এলাকায় গোড়ালি থেকে হাঁটু পানি জমে গেছে। এতে ছুটির দিনে জরুরি কাজে বের হওয়া লোকজন দুর্ভোগে পড়েছেন। রিকশা চালকরাও স্বল্প গন্তব্যে বেশি ভাড়া হাঁকছেন।আবহাওয়া অধিদপ্তর আমবাগান কার্যালয় শুক্রবার দুপুর ১২টা থেকে তিনটা পর্যন্ত তিনঘণ্টায় ৩০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে।
বাংলাদেশের আকাশে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় কখনো হালকা থেকে মাঝারি। আবার কখনো মাঝারি থেকে ভারি বর্ষণ এই সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পতেঙ্গা কার্যালয়ের পূর্বাভাস কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল ভূঁঈয়া।
সরেজমিন বিকেল তিনটায় নগরের পাঁচলাইশ আবাসিকের এক নম্বর সড়কের পেডিকেয়ার হাসপাতাল থেকে গোলচত্বর পর্যন্ত গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত পানি জমে থাকতে দেখা গেছে। একই আবাসিকের জাতিসংঘ পার্কের সামনে হাঁটু পানি জমেছে। কাতালগঞ্জ ও বাদুরতলা এলাকায়ও একই চিত্র দেখা গেছে।
বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী আবু আজাদ বলেছেন, সড়কে পানি জমে যাওয়ায় কর্মস্থলে আসতে বেকায়দায় পড়তে হয়েছে। বাদুরতলা থেকে চকবাজার পর্যন্ত সড়কে হাঁটুপানি জমে আছে। নির্ধারিত ভাড়ার বেশি দিয়ে রিকশায় কর্মস্থলে এসেছি।
চকবাজার থেকে পাঁচলাইশ আবাসিকের নিয়মিত ভাড়া ২০টাকা। শুক্রবার তিনটার দিকে ৫০টাকায় গেছেন একটি ভবনের তত্ত্বাবধায়ক মোহাম্মদ সেলিম।


