শনিবার, জুন ১৩, ২০২৬
spot_img

দেশের মালিক জনগণ, কোনো রাজনৈতিক দল নয় : প্রধানমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি: ‘করবো কাজ, গড়ব দেশ’— এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়ন, কৃষকের কল্যাণ এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই সরকার কাজ করছে। তিনি বলেন, দেশের মালিক কোনো রাজনৈতিক দল নয়, দেশের ২০ কোটি মানুষ। জনগণের কল্যাণ নিশ্চিত করাই সরকারের প্রধান দায়িত্ব।শনিবার (১৩ জুন) কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে, বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে পাতলী খালের পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে খালপাড়ে একটি কাঠবাদাম গাছের চারা রোপণ করেন। অনুষ্ঠানে হাজারো মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
প্রধানমন্ত্রী বলেন, সরকার গঠনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার। পাতলী খালের পুনঃখনন শুধু একটি অবকাঠামোগত প্রকল্প নয়; এটি কৃষি, সেচব্যবস্থা, জলসম্পদ ব্যবস্থাপনা এবং গ্রামীণ অর্থনীতির সঙ্গে সরাসরি সম্পর্কিত।
তিনি জানান, খালটির পুনঃখনন সম্পন্ন হলে প্রায় সাড়ে আট হাজার কৃষক সরাসরি উপকৃত হবেন এবং কৃষি উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। এর ফলে স্থানীয় কৃষি ও সেচব্যবস্থার উন্নয়নের পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
কৃষকদের জন্য বিশেষ উদ্যোগ
প্রধানমন্ত্রী বলেন, সদ্য ঘোষিত জাতীয় বাজেটে কৃষি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রতিটি জেলায় ৮ থেকে ১০ হাজার কৃষককে কৃষি কার্ড প্রদান করা হবে। এসব কার্ডের মাধ্যমে কৃষকদের নগদ প্রণোদনা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাই কৃষকদের উৎপাদন ব্যয় কমানো, সেচ সুবিধা বৃদ্ধি এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।’
নারী শিক্ষা ও স্বাস্থ্য খাতে গুরুত্ব
নারী শিক্ষার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে নারীদের অংশগ্রহণ বাড়াতে সরকার শিক্ষাক্ষেত্রে নতুন উদ্যোগ গ্রহণ করেছে। স্নাতক ও ডিগ্রি পর্যায় পর্যন্ত নারীদের শিক্ষাকে আরও সহজলভ্য ও ব্যয়মুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি জানান, প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের উচ্চশিক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে উপবৃত্তি কর্মসূচি সম্প্রসারণ করা হবে।
স্বাস্থ্যসেবা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় কমাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। হার্টের রিং, কিডনি ডায়ালাইসিসসহ কিছু গুরুত্বপূর্ণ চিকিৎসা উপকরণের ওপর আরোপিত কর প্রত্যাহার করা হয়েছে, যাতে রোগীরা কম খরচে চিকিৎসাসেবা পেতে পারেন।
বাজেট নিয়ে বিরোধীদের সমালোচনার জবাব
জাতীয় বাজেট নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী বলেন, বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পায়নি; বরং বেশ কিছু প্রয়োজনীয় পণ্যের ওপর কর কমানো হয়েছে।
তিনি বলেন, ‘স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনায় রেখে মদ ও সিগারেটের মতো ক্ষতিকর পণ্যের ওপর কর বৃদ্ধি করা হয়েছে। কিন্তু এটিকেও রাজনৈতিকভাবে সমালোচনা করা হচ্ছে।’
জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতলী খাল
পাতলী খাল স্থানীয়ভাবে একটি ঐতিহাসিক স্থাপনা হিসেবে পরিচিত। গ্রামীণ অর্থনীতি, কৃষি উৎপাদন ও সেচব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে খাল খনন কর্মসূচি চালু করেছিলেন, পাতলী খাল ছিল তার অন্যতম অংশ। তিনি নিজে কক্সবাজারে এসে এই খালের খননকাজের উদ্বোধন করেছিলেন। প্রায় অর্ধশতাব্দী পর তার ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান একই খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করলেন।
দিনব্যাপী ব্যস্ত কর্মসূচি
এর আগে, সকাল ৯টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। সেখানে জেলা প্রশাসন, সরকারের বিভিন্ন মন্ত্রী-প্রতিমন্ত্রী, জনপ্রতিনিধি এবং দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।
পথসভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মাবুদ। এতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদমন্ত্রী শহিদউদ্দিন চৌধুরী এ্যানী, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বক্তব্য দেন।
কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, নবগঠিত মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন, জনসভা এবং স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময়সহ একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। সব কর্মসূচি শেষে রাতে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

 

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img