উখিয়া-টেকনাফ প্রতিনিধি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত কক্সবাজারের চকরিয়াস্থ ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে স্ত্রী ডা. জোবাইদা রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রী-এমপিসহ তিনি কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেন।
টানা বৃষ্টি আর বৈরী আবহাওয়ার মধ্যেও তাকে ঘিরে কক্সবাজারজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখতে কক্সবাজার থেকে চকরিয়া-পেকুয়া পর্যন্ত সড়কের দু’পাশে ভিড় করেছেন স্থানীয় জনতা।
এর আগে, পাতলী খালের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি পথসভায় বক্তব্য রাখেন। তিনি সড়ক পথে চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কের উদ্যোশে রওয়ানা দেন। সাফারি পার্কে পৌছালে স্থানীয় জনগণ ও বিএনপির নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। পরে ডুলাহাজারা সাফারি পার্কে বিভিন্ন এলাকাস ঘুরে ঘুওে দেখেন। সেখানে তিনি বৃক্ষরোপনের মধ্য দিয়ে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এরপর আবার সড়ক পথে নিজে গাড়ি চালিয়ে পেকুয়া উপজেলার উদ্যোশে রওয়ানা দেন। তিনি সেখানে জুলাই আন্দোলনে নিহত শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন। নবসৃষ্ট পেকুয়া পৌরসভার ভিস্তিপ্রস্তরের উদ্ধোধন করবেন। এছাড়াও নবসৃষ্ট মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সালাহউদ্দিন আহমদেও বাসভবনে দুপুরে আহার গ্রহণ করবেন।
এদিন বিকেলে চকরিয়া শহীদ আবদুল হামিদ বাস টার্মিনাল এলাকায় স্থানীয় বিএনপি আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর তিনি কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্রসৈকত এলাকা পরিদর্শন করবেন। সন্ধ্যায় শহরের একটি সুধী সমাবেশে অংশ নেওয়ারও কথা রয়েছে তার। প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে কক্সবাজারজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দায়িত্ব পালন করছেন।দিনভর নানা কর্মসূচি শেষে রাতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।


