ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের গ্রুপ পর্বে শক্তিশালী বেলজিয়ামের বিপক্ষে দুর্দান্ত লড়াই করেও জয় পাওয়া হলো না মিসরের। ইমান আশুরের করা গোলে দীর্ঘ সময় এগিয়ে থাকা আফ্রিকার দলটি শেষ পর্যন্ত আত্মঘাতী গোলের কারণে ১-১ ব্যবধানে ড্র করে মাঠ ছাড়ে।সিয়াটলের লুমেন ফিল্ডে ম্যাচের শুরু থেকেই ছিল আক্রমণ-পাল্টা আক্রমণের লড়াই। বলের দখলে এগিয়ে ছিল বেলজিয়াম, তবে দ্রুতগতির কাউন্টার অ্যাটাকে বারবার প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ সৃষ্টি করে মিসর।
ম্যাচের ২১ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। বক্সের বাইরে থেকে নেওয়া ইমান আশুরের শক্তিশালী শট বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়াকে পরাস্ত করে জালে জড়ায়। আন্তর্জাতিক ফুটবলে এটি ছিল আশুরের প্রথম গোল, আর সেটিই বিশ্বকাপের মঞ্চে মিসরকে এগিয়ে দেয়।
গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা বাড়ায় বেলজিয়াম। প্রথমার্ধের শেষ দিকে ভালো একটি সুযোগ পেয়েছিলেন জেরেমি ডকু, তবে তার শট লক্ষ্যভ্রষ্ট হলে পিছিয়েই বিরতিতে যেতে হয় ইউরোপের দলটিকে।
দ্বিতীয়ার্ধে আক্রমণের তীব্রতা আরও বাড়ায় বেলজিয়াম। ৫৩ মিনিটে কেভিন ডি ব্রুইনার ফ্রি-কিক পোস্টে আঘাত হানলে সমতায় ফেরার সুযোগ হাতছাড়া হয় তাদের।
তবে ৬৬ মিনিটে ম্যাচের মোড় ঘুরে যায়। বদলি হিসেবে মাঠে নামা রোমেলু লুকাকুকে ঠেকানোর চেষ্টা করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন মিসরের ডিফেন্ডার মোহাম্মদ হানি। আত্মঘাতী সেই গোলেই ১-১ সমতায় ফেরে বেলজিয়াম।
বাকি সময়ে উভয় দলই জয়সূচক গোলের খোঁজে চেষ্টা চালালেও আর কোনো গোল হয়নি। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল।
দীর্ঘ সময় এগিয়ে থেকেও জয় ধরে রাখতে না পারায় হতাশ হতে হয়েছে মিসরকে। অন্যদিকে পিছিয়ে পড়ার পরও ঘুরে দাঁড়িয়ে অন্তত এক পয়েন্ট নিশ্চিত করেছে বেলজিয়াম।
চলতি বিশ্বকাপে এটি ছিল তৃতীয় আত্মঘাতী গোল, যা শেষ পর্যন্ত ম্যাচের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


