ক্রীড়া ডেস্ক : ওয়ানডে সিরিজে টানা দুই ম্যাচ হেরে সিরিজ খোয়ালেও টি-টোয়েন্টি সিরিজের শুরুটা দারুণভাবে করেছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার সুযোগ কাজে লাগিয়ে ৪ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে সফরকারীরা।বুধবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯ ওভারে ১৩১ রানে অলআউট হয় স্বাগতিকরা।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন মেহেদি হাসান। ২২ বলের ইনিংসে তিনি মারেন চারটি বাউন্ডারি। ওপেনার সাইফ হাসান করেন ২০ রান। অস্ট্রেলিয়ার হয়ে অ্যাডাম জাম্পা ও জোয়েল ডেভিস তিনটি করে উইকেট নেন। এছাড়া ম্যাট রেনশ শিকার করেন দুটি উইকেট।
১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। দলীয় ১৩ রানে প্রথম এবং ৩৮ রানে দ্বিতীয় উইকেট হারায় তারা। জশ ইংলিসকে বোল্ড করে ফেরান শরীফুল ইসলাম। আর মিচেল মার্শ মোস্তাফিজুর রহমানের বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন।
তৃতীয় উইকেটে কুপার কনোলি ও টিম ডেভিড ২৮ বলে ৪০ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। তবে অভিষেক ম্যাচ খেলতে নামা আব্দুল গাফফার সাকলাইন সেই জুটি ভাঙেন। ফিফটির খুব কাছে গিয়ে থামতে হয় কুপারকে। ২৭ বলে চারটি চার ও তিনটি ছক্কায় ৪৭ রান করে তিনি আউট হন দলীয় ৭৮ রানে।
এরপর টিম ডেভিডও বেশিক্ষণ টিকতে পারেননি। ১৬ বলে ২০ রান করে মেহেদি হাসানের বলে আউট হন তিনি। তার বিদায়ে ৮৯ রানে চতুর্থ উইকেট হারায় অস্ট্রেলিয়া।
পঞ্চম উইকেটে ম্যাট রেনশ ও ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ক্রিকেটার নিখিল চৌধুরী ২৯ বলে ২৭ রানের জুটি গড়েন। নিখিল বিদায় নেন দলীয় ১১৬ রানে। পরে ১২৯ রানে আউট হন রেনশ। ২৮ বলে ১৮ রান করেন তিনি।
তবে শেষ পর্যন্ত কোনো নাটকীয়তার সুযোগ দেয়নি অস্ট্রেলিয়া। আট নম্বরে ব্যাট করতে নেমে বার্টলার একটি বাউন্ডারি হাঁকিয়ে ১০ বল হাতে রেখেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।ফলে ৪ উইকেটের জয় নিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।


