নিজস্ব প্রতিবেদক: অন্যায়ভাবে চাকরিচ্যুত প্রায় ১০ হাজার কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন দেশের পাঁচটি ইসলামী ধারার ব্যাংকের ভুক্তভোগীরা।সোমবার (২২ জুন) সকালে নগরীর বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক পরিচালকের কাছে তাদের ১০ দফা দাবি সংবলিত স্মারকলিপি জমা দেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে অন্যায়ভাবে চাকরিচ্যুত সব কর্মকর্তা-কর্মচারীকে পূর্বের সুযোগ-সুবিধাসহ অবিলম্বে চাকরিতে পুনর্বহাল, দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পুনর্গঠন এবং ব্যাংকিং খাতে করপোরেট সুশাসন নিশ্চিত করা।
এছাড়া ব্যাংকের সব পর্যায়ে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ, প্রত্যক্ষ রাজনীতিতে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ, কৃত্রিম নগদ সংকট সৃষ্টি ও গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়ানোর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং ৫ আগস্টের পর ব্যাংকিং খাতে সংঘটিত অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের শাস্তি নিশ্চিত করার দাবিও জানান তারা।
আন্দোলনকারীদের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর একটি প্রভাবশালী গোষ্ঠীর প্রভাবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি ও সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসিতে ব্যাপক হারে ছাঁটাই ও প্রশাসনিক হয়রানি চালানো হয়েছে।
মানববন্ধনে অংশ নেওয়া এক ভুক্তভোগী কর্মকর্তা বলেন, ৫ আগস্টের পর মানবসম্পদ (এইচআর) নীতিমালা অনুসরণ না করেই আমাদের শাস্তিমূলক বদলি, আইডি ইনঅ্যাকটিভ এবং শেষ পর্যন্ত চাকরিচ্যুত করা হয়েছে। আমরা আমাদের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।


