বুধবার, জুন ২৪, ২০২৬
spot_img

এমবাপে-হালান্ডের জোড়া গোল, শেষ ৩২-এ ফ্রান্স ও নরওয়ে

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের গোল্ডেন বুটের দৌড়টা যেন ধীরে ধীরে রূপ নিচ্ছে তিন মহাতারকার ব্যক্তিগত লড়াইয়ে। শীর্ষে লিওনেল মেসি, আর তার ঠিক পেছনে কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। সোমবার (২২ জুন) রাতটা ছিল এই দুই ইউরোপীয় সুপারস্টারের। একজন ইরাকের জালে দুইবার বল পাঠিয়ে ফ্রান্সকে তুললেন নকআউট পর্বে, অন্যজন সেনেগালের বিপক্ষে জোড়া গোলে নরওয়ের শেষ ৩২ নিশ্চিত করলেন। দুই ম্যাচে চার গোল করে এখন দুজনই গোল্ডেন বুটের দৌড়ে মেসির সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী।ইরাককে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ ‘আই’ থেকে এক ম্যাচ হাতে রেখেই শেষ ৩২ নিশ্চিত করেছে ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স।
তবে ম্যাচ শেষে সবচেয়ে বেশি আক্ষেপ হয়তো এমবাপেরই। শেষ দিকে প্রতিপক্ষের অর্ধ থেকে একক দৌড়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোলকিপারকে সামনে পেয়েও বল পাঠিয়ে দেন ক্রসবারের ওপর দিয়ে। গোলটি হলে পূর্ণ হতো হ্যাটট্রিক।এর আগে শততম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে ১৪ মিনিটেই ফ্রান্সকে এগিয়ে দেন এমবাপে। ইরাকি রক্ষণ বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে মাইকেল ওলিসের ব্যাকপাস থেকে সহজেই জাল খুঁজে নেন তিনি।
দ্বিতীয়ার্ধে ইরাকের গোলকিপার বাসিলের ভয়াবহ ভুলের সুযোগ নেন ফরাসি অধিনায়ক। গোল কিক থেকে সতীর্থের পাস নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হন তিনি। বল চলে যায় ওসমান দেম্বেলের কাছে। তিনি ফাঁকায় দাঁড়িয়ে থাকা এমবাপেকে বল বাড়িয়ে দিলে গোললাইন আগলে থাকা এক ডিফেন্ডারকেও পরাস্ত করে বিশ্বকাপে নিজের ১৬তম গোল করেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।৬৬ মিনিটে দেম্বেলের গোল ফ্রান্সের জয় নিশ্চিত করে। ওলিসের পাস থেকে ডি-বক্সের ডান দিক দিয়ে ঢুকে দুর্দান্ত শটে বল জালে পাঠান পিএসজি উইঙ্গার।
সেনেগালকে হারিয়ে শুরু করা ফ্রান্স দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে আগেভাগেই নিশ্চিত করেছে নকআউট পর্ব। বজ্রপাতের শঙ্কায় ম্যাচটি নির্ধারিত সময়ের প্রায় সোয়া দুই ঘণ্টা পরে শুরু হলেও মাঠে তার কোনো প্রভাব পড়েনি দিদিয়ের দেশমের শিষ্যদের খেলায়।
অন্য ম্যাচে নিউইয়র্ক-নিউ জার্সিতে সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে নকআউটে উঠে গেছে নরওয়েও। প্রথমার্ধের শেষ দিকে কালিদু কুলিবালির ভুলে এগিয়ে যায় নরওয়ে। সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করেন বদলি খেলোয়াড় পেডারসেন।বিরতির পর শুরু হয় আর্লিং হালান্ডের শো। ৪৮ মিনিটে অধিনায়ক মার্টিন ওডেগার্ডের নিখুঁত পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।পাঁচ মিনিট পর ইসমাইলা সার গোল শোধ করে সেনেগালকে ম্যাচে ফেরানোর আশা জাগালেও ৫৮ মিনিটে আবারও জবাব দেন হালান্ড। বক্সের ভেতরে সুযোগ পেয়ে জোরালো শটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার।
যোগ করা সময়ে সার নিজের দ্বিতীয় গোল করলেও হার এড়াতে পারেনি আফ্রিকার প্রতিনিধিরা।এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে শেষ ৩২ নিশ্চিত করেছে নরওয়ে। অন্যদিকে টানা দুই পরাজয়ে বিদায়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে সেনেগাল।এদিকে গোল্ডেন বুটের লড়াইটাও জমে উঠেছে দারুণভাবে। দুই ম্যাচে চার গোল করে এমবাপে ও হালান্ড এখন সমানতালে ছুটছেন। তাদের সামনে আছেন শুধু লিওনেল মেসি। বিশ্বকাপের শুরুতেই তাই স্পষ্ট হয়ে উঠছে, ট্রফির লড়াইয়ের পাশাপাশি সর্বোচ্চ গোলদাতার দৌড়ও হতে যাচ্ছে এবারের আসরের সবচেয়ে আকর্ষণীয় গল্পগুলোর একটি।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img