নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রধান কার্যালয়ের সামনের ফুটপাত অবৈধ দখলমুক্ত করেছেন সংস্থাটির চেয়ারম্যান প্রকৌশলী মো. বেলায়েত হোসেন। বুধবার (২৪ জুন) সকালে তিনি সরাসরি অভিযান তদারকি করে ফুটপাতজুড়ে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন।
দীর্ঘদিন ধরে সিডিএ ভবন ঘিরে শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা গড়ে ওঠে। এসব স্থাপনার কারণে সিডিএ ভবনের সৌন্দর্য ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি সেবাগ্রহীতা, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ পথচারীদের চলাচলে ভোগান্তি সৃষ্টি হচ্ছিল।
উচ্ছেদ অভিযানের মাধ্যমে ফুটপাত ও আশপাশের এলাকা দখলমুক্ত করা হয়।
উচ্ছেদ কার্যক্রম চলাকালে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. বেলায়েত হোসেন বলেন, কোনো অবস্থাতেই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ভবনের আশপাশে অবৈধ স্থাপনা থাকতে দেওয়া হবে না।
এই দখলের সঙ্গে যদি কোনো চক্র জড়িত থাকে, তবে তদন্তসাপেক্ষে তাদেরও কঠোর শাস্তির আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, একটি সেবাধর্মী প্রতিষ্ঠানের সামনে কিংবা যেকোনো সরকারি অফিসকে ঘিরে অবৈধভাবে ফুটপাত দখল হলে দাপ্তরিক সেবা বিঘ্নিত হয়।পাশাপাশি জনসাধারণের চলাচলে কষ্ট বাড়ে এবং যানজট সৃষ্টি হয়। জনস্বার্থে ও নগরীর শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।এর আগে সিডিএ চেয়ারম্যান শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণাধীন র্যাম্প এলাকা পরিদর্শন করেন এবং প্রকল্পের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।


