শনিবার, জুন ২৭, ২০২৬
spot_img

বিপিসির ক্রুড নিয়ে ৩ মাসের বেশি আটকে থাকা জাহাজটি আসছে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে বিপিসির ১ লাখ ৮ হাজার টনের বেশি ক্রুড অয়েল নিয়ে আটকে পড়া ‘এমটি নর্ডিক পোলাক্স’ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা থেকে রওনা দিয়েছে। সৌদি আরবের রাসতানুরা বন্দর থেকে ক্রুড অয়েল বোঝাই করে আসার পথে যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে নিষেধাজ্ঞা থাকায় ৩ মার্চ আটকা পড়েছিল।
সূত্র জানায়, গত ২২ জুন জাহাজটি হরমুজ প্রণালি পার হয়ে ফুজাইরা বন্দরে অবস্থান নেয়। এখন ১০ দশমিক ৬ নটিক্যাল মাইল গতিতে জাহাজটি শ্রীলংকার গলে বন্দরের দিকে অগ্রসর হচ্ছে।৩০ জুন সকাল সাড়ে ৬টায় গলে বন্দরে পৌঁছাবে আশা করা হচ্ছে। এরপর ৬ জুলাই সকালে জাহাজটি বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) আমদানি করা শতভাগ ক্রুড অয়েল বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) পরিবহন করে থাকে। এসব ক্রুড অয়েল পতেঙ্গার ইস্টার্ন রিফাইনারি পিএলসিতে পরিশোধন করে দেশের বাজারে ছাড়া হয়।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক বলেন, ‘বিপিসির ক্রুডবাহী জাহাজ নর্ডিক পোলাক্স ২২ জুন হরমুজ পাড়ি দিয়েছে। জাহাজটি ফুজাইরা বন্দরে বাঙ্কার (জাহাজের জ্বালানি) ও পানি নিয়ে বাংলাদেশের উদ্দেশে আসছে। আগামী ৬ জুলাই সকাল আটটায় জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছার কথা রয়েছে।
ইআরএল সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ থাকায় ক্রুড অয়েলের মজুত শেষ হয়ে যাওয়ায় গত ১২ এপ্রিল রাতে ইস্টার্ন রিফাইনারির ক্রুড অয়েল ডিস্টিলেশন ইউনিট সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। এরপর এমটি নিনেমিয়া জাহাজে ক্রুড অয়েল আসার পর ৮ মে পুনরায় চালু হয়েছিল ইস্টার্ন রিফাইনারি।
সর্বশেষ এক লাখ ২ হাজার ২৮০ টন এরাবিয়ান লাইট ক্রুড অয়েল নিয়ে আসা জাহাজ ‌‌‌‘এমটি নিনেমিয়া’ কুতুবদিয়া অ্যাংকরে অবস্থান করছে। জাহাজটি থেকে ক্রুড লাইটারিং অব্যাহত রয়েছে। জাহাজটি হরমুজ প্রণালি এড়িয়ে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে ক্রুড অয়েল নিয়ে গত ১৭ জুন চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায়।
জাহাজটি দুঃসময়ে বিকল্প পথ দেখিয়ে আগের ট্রিপে এক লাখ টন ক্রুড নিয়ে ইয়ানবু থেকে ৬ মে বাংলাদেশে এসেছিল। চালানটি খালাসের পর সৌদি আরব গিয়ে দ্বিতীয় চালানটি নিয়ে আসে। মধ্যখানে ফুজাইরা বন্দর থেকে ৯৯ হাজার ৭৬৯ টন মারবান ক্রুড নিয়ে গত ২১ মে বাংলাদেশে এসেছিল ‘এমটি ফসিল’। জরুরি অবস্থায় জ্বালানি সংকট সামাল দিতে সরকার বিকল্প উৎস থেকে বিপুল পরিমাণ পরিশোধিত ডিজেল, জেট ফুয়েল ইত্যাদি আমদানি করেছে। এ ছাড়া দামও বাড়িয়েছে জ্বালানি তেলের।
ইস্টার্ন রিফাইনারি পিএলসির একজন কর্মকর্তা জানিয়েছেন, বিপিসির অধীন ইস্টার্ন রিফাইনারিতে এখন প্রতিদিন ৪ থেকে সাড়ে ৪ হাজার মেট্রিক টন ক্রুড অয়েল পরিশোধন করে ২ হাজার থেকে ২ হাজার ২০০ টন ডিজেল উৎপাদন হচ্ছে। এ ছাড়া বাই প্রোডাক্ট হিসেবে এলপিজি, ফার্নেস অয়েল, কেরোসিন, এমএস অকটেন ইত্যাদিও উৎপাদিত হচ্ছে।
বন্দর সচিব জানিয়েছেন, জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন করতে তেলবাহী জাহাজ বার্থিং, লাইটারিং, খালাস কার্যক্রমে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

সর্বশেষ

পাঠ্যপুস্তক

রতন চন্দ্র পাল, অতিথি লেখক: মানব সভ্যতার শ্রেষ্ঠ প্রকাশ...

ইজারাদারদের দাবি, সাতকানিয়া দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের

অনলাইন ডেস্ক: সাতকানিয়ার দেওয়ানহাট বাজার পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের দাবী...

যুক্তরাষ্ট্র আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক নিযুক্ত সঞ্জয় কুমার সাহা

পূর্বকাল ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক...

আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক...

সাতকানিয়ার কেরানীহাটে আশ্-শেফা স্কুল এন্ড কলেজে নাতে রাসুল (সাঃ) প্রতিযোগিতা সম্পন্ন

এস এম আনোয়ার হোসেন, দক্ষিণ চট্টগ্রাম: পবিত্র রবিউল আউয়াল...
spot_img