উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসল করতে নেমে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার এক যুবক নিখোঁজ হয়েছেন। শনিবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ইনানী নৌবাহিনীর জেটি ঘাটের দক্ষিণ পাশের সৈকতে এ দুর্ঘটনা ঘটে।নিখোঁজ যুবকের নাম মোহাম্মদ সায়েম (২২)। তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকার বাসিন্দা মোহাম্মদ ইকবালের ছেলে।
সায়েমের বন্ধু আরমান জানান, তারা কয়েকজন মিলে সমুদ্রে গোসল করতে নেমেছিলেন। একপর্যায়ে সায়েম ঢেউয়ের মধ্যে তলিয়ে যান। তাকে উদ্ধারের চেষ্টা করা হলেও সফল হওয়া যায়নি।বিচকর্মী মোহাম্মদ মাহবুব আলম বলেন, ‘চিৎকার শুনে স্থানীয় লোকজন, বিচকর্মী ও সংশ্লিষ্টরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।’
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এ প্রতিবেদন লেখা পর্যন্ত মোহাম্মদ সায়েমকে উদ্ধার করা সম্ভব হয়নি। তাকে খুঁজে বের করতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।


