rটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় নুর নাহার (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক নারী। শনিবার (২৭ জুন) দুপুর ১টার দিকে পটিয়া পৌর সদরের বাহুলী শ্রীমাই ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত নুর নাহার কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ালক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রাজুয়ারঘোনা গ্রামের বাসিন্দা এবং মো. মালেকের স্ত্রী। আহত রাশেদা বেগম (৬০) একই গ্রামের সমিউদ্দিনের স্ত্রী।
জানা গেছে, নুর নাহার ও রাশেদা বেগম বাহুলী এলাকার একটি ক্ষেতে দিনমজুর হিসেবে কাজ করছিলেন। দুপুরে খাবার খেতে যাওয়ার জন্য রেললাইন পার হওয়ার সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তারা আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করলে ঘটনাস্থলেই নুর নাহারের মৃত্যু হয়। গুরুতর আহত রাশেদা বেগমকে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মুনতাহিনা জানান, রাশেদা বেগমের মাথার বাম পাশে গুরুতর আঘাত লেগেছে এবং সেখানে রক্ত জমাট বেঁধেছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও পটিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, সুরতহাল প্রতিবেদন তৈরির পাশাপাশি এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


