সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রাম আপিল বিভাগে প্রার্থীতা বাতিলের জেরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আসলাম চৌধুরীর অনুসারী বিএনপি নেতাকর্মীরা। আজ মঙ্গলবার বিকাল ৪টার দিকে হাতে লাঠিসোঠা নিয়ে একদল নেতাকর্মী সীতাকুণ্ডের ছোট দারোগারহাট ও আশপাশের এলাকায় মহাসড়কে অবস্থান নেন।এ সময় তারা ‘দুর্দিনের আসলাম ভাই, আমরা তোমায় ভুলিনাই’, ‘এমপি পদ বাতিল হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’ – এ ধরনের বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
প্রত্যক্ষদর্শীরা জানালেন, মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের ডালপালা কেটে রেখে এবং গাছের গুড়ি ফেলে নেতাকর্মীরা অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে বিপুল পরিমাণ যানবাহন আটকে গেছে। ঘটনাস্থলের উভয়পাশে পুলিশ অবস্থান নিলেও বিক্ষোভকারীদের সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করতে তাদের কোনো ভূমিকা দেখছেন না স্থানীয়রা।
পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানালেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ সিরাজুল ইসলাম। তিনি বললেন, ‘থানা থেকে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গেছে। রিজার্ভ ফোর্স পাঠানো হয়েছে। অন্যান্য বাহিনীর সদস্যরাও আছেন।’বিকাল সাড়ে ৪টার দিকেও মহাসড়কে অবরোধ চলমান আছে বলে পুলিশের এই কর্মকর্তা জানালেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও নগরীর একাংশ) আসনে বিজয়ী হন বিএনপি মনোনীত আসলাম চৌধুরী। কিন্তু তার বিরুদ্ধে একই আসনের জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিকী ঋণখেলাপি সংক্রান্তে উচ্চ আদালতে লিভ টু আপিল করেন। আপিল চূড়ান্ত নিষ্পত্তির জন্য অপেক্ষমাণ থাকায় আদালতের নির্দেশে তার ফলাফল প্রকাশ স্থগিত রাখা হয়। এর ফলে বিজয়ী হলেও আসলাম চৌধুরী গত সাড়ে চার মাসেও শপথ নিতে পারেননি।
আজ মঙ্গলবার আনোয়ার সিদ্দিকীর আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ। এর ফলে আসলামের প্রার্থীতা বাতিল হয়ে গেছে।


