নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এবং চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) দেশি-বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধ না করলে বন্দর অচল করার হুঁশিয়ারি দিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।আজ মঙ্গলবার সকালে চট্টগ্রামের আগ্রাবাদ মোড়ে জড়ো হয়ে টার্মিনাল ইজারা দেওয়ার চেষ্টার প্রতিবাদে কালো পতাকা মিছিল এবং সমাবেশ করেন শ্রমিকরা।এরপর মিছিল ও কালো পতাকা নিয়ে চট্টগ্রাম বন্দরের দিকে রওনা দেন তারা। আধা কিলোমিটার যাওয়ার পরই পুলিশি বাধায় বারিক বিল্ডিং মোড়ে মিছিল সংক্ষিপ্ত করেন শ্রমিকরা।
স্কপ চট্টগ্রামের যুগ্ম আহ্বায়ক ইফতেখার কামাল খান বলেছেন, ‘সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে বারিক বিল্ডিং মোড়ে শান্তিপূর্ণ মিছিল থামিয়ে দেয় পুলিশ। এ জন্য সেখানেই আমরা মিছিল শেষ করতে বাধ্য হই।’
তার ভাষ্য, ‘সরকারের কার্যক্রম আমরা নিবিড়ভাবে প্রত্যক্ষ করছি। শেষপর্যন্ত জনগণের মতামত উপেক্ষা করে সরকার ইজারা প্রক্রিয়া চূড়ান্ত করে তাহলে বন্দর অচলের মতো কর্মসূচি নিয়ে আমাদের প্রস্তুতি আছে। বৈঠকে বসে আমরা পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করব।’
জনমত উপেক্ষা করে দুবাইভিত্তিক বন্দর অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে বন্দরের এনসিটি ইজারা দেওয়ার চুক্তি চূড়ান্ত করে ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। স্কপের নেতৃত্বে তখন আন্দোলন শুরু হলে সেখানে বিভিন্ন রাজনৈতিক দলসহ বিএনপি নেতৃত্বাধীন শ্রমিকরাও যোগ দেন। একপর্যায়ে চট্টগ্রাম বন্দর অচলের কর্মসূচি শুরু হলে চুক্তি স্বাক্ষর স্থগিত করে সরকার।বিএনপির নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় আসার পর শ্রমিক রাজনীতিতে নতুন মেরুকরণ হয়েছে। বিএনপির শ্রমিকরা প্রকাশ্যে আসছেন না। তবে স্কপ বলছে, আন্দোলনে সব শ্রমিকরা আগের মতোই তাদের সঙ্গে যুক্ত আছেন। সরকারি অফিস খোলার দিন থাকায় টেকনিক্যাল কারণে তারা মিছিলে আসতে পারছেন না।
সমাবেশে সংগঠনের যুগ্ম সমন্বয়কারী ও বিএনপি নেতা এস কে খোদা তোতনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন সংগঠনের জেলা সভাপতি তপন দত্ত। বিশেষ বক্তা ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক কাজী শেখ নুরুল্লাহ বাহার। সমাবেশে বক্তব্য দেন ডক জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ হারুন, সাধারণ সম্পাদক তসলিম হুসেন সেলিম প্রমুখ।
অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটির সচিব ফজলুল কবির মিন্টু বললেন, ‘আমরা সতর্কতার সঙ্গে বন্দরের টার্মিনাল ইজারা প্রক্রিয়া পর্যবেক্ষণ করছি। আগামীকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বন্দর রক্ষা কমিটি মানববন্ধন সমাবেশ করবে। সেখানেই নতুন কর্মসূচি আসবে।’


