চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: রেলস্টেশন এলাকায় এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছেন সহপাঠীরা।মঙ্গলবার (১৪ জুলাই) রাত ১০টার দিকে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।অভিযুক্ত দোকান কর্মচারীর নাম মো. শাহিন শেখ (২৫)। তিনি নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার বাসিন্দা।
বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকায় একটি খাবারের দোকানের কর্মচারী তিনি।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, বিকেলে ক্লাস শেষে ওই ছাত্রী চট্টগ্রাম নগরগামী বিকেল ৪টা ৪০ মিনিটের শাটল ট্রেনে ওঠার জন্য স্টেশনে অবস্থান করছিলেন।
এ সময় মো. শাহিন তাঁকে শ্লীলতাহানি করেন। বিষয়টি জানাজানি হওয়ার পর ভুক্তভোগী ছাত্রীর সহপাঠীরা শাহিনকে আটক করে প্রক্টরকে খবর দেন।
এরপর অভিযুক্ত শাহিনকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দীর উপস্থিতিতে অভিযুক্ত যুবককে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে রাত ১০টার দিকে তাকে চট্টগ্রাম রেলওয়ে থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় রাতেই ভুক্তভোগী ছাত্রী রেলওয়ে থানায় মামলা করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ঘটনার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রেলওয়ে থানার সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছি। ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে।


