নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ এলাকায় পিটুনিতে নিহত মো. সিদ্দিক (৭০) নামের এক দারোয়ানের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে মনসুরাবাদ এলাকার একটি গ্যারেজ থেকে সিদ্দিকের লাশ উদ্ধার করে পুলিশ।ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, কয়েকদিন আগে ওই গ্যারেজ থেকে ব্যাটারি চুরির ঘটনা ঘটে। চুরি যাওয়া ব্যাটারি ফেরত দেওয়ার জন্য সংশ্লিষ্টদের চাপ দিচ্ছিলেন সিদ্দিক। ধারণা করা হচ্ছে, এর জেরে বুধবার রাতে দুর্বৃত্তরা তাকে পিটিয়ে হত্যা করে লাশ গ্যারেজে ফেলে রেখে যায়।তিনি আরও বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


