নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম: নগরের কাজীর দেউড়ি মাছ বাজারে এসেছে ১৫৫ কেজি ওজনের একটি বিশাল আকৃতির কোরাল মাছ। সুন্দরবন এলাকার সমুদ্র উপকূল থেকে ধরা পড়া মাছটি দেখতে বাজারে ভিড় করছেন ক্রেতা ও উৎসুক মানুষ।
মাছটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১৫০০ টাকা। বৃহস্পতিবার (২৩ জুলাই) কাজীর দেউড়ি বাজারের মাছ ব্যবসায়ী আনোয়ার হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, ‘সুন্দরবন এলাকার একটি মাছ ধরার ঘাট থেকে দুইদিন আগে আমাকে ফোন করে মাছটির বিষয়ে জানানো হয়। পরে মাছটি কেনার সম্মতি দেই।
মাছটি ১ লাখ ১০ হাজার টাকায় কিনতে হয়েছে। পরিবহনে খরচ হয়েছে আরও ১০ হাজার টাকা।
ইতোমধ্যে প্রায় ৪০ কেজি মাছ অগ্রিম বুকিং হয়েছে। শনিবার পর্যন্ত বুকিং চলবে। এরপর বুকিং অনুযায়ী মাছ কেটে ক্রেতাদের কাছে সরবরাহ করা হবে’।
তিনি আরও বলেন, এত বড় কোরাল মাছ সচরাচর বাজারে আসে না। তাই মাছটি দেখতে যেমন মানুষের আগ্রহ তৈরি হয়েছে, তেমনি ভালো মানের সামুদ্রিক মাছ হওয়ায় অনেক ক্রেতা আগেভাগেই বুকিং দিচ্ছেন।
সামুদ্রিক কোরাল মাছ স্বাদ ও পুষ্টিতে সমৃদ্ধ। এটি সাধারণত বঙ্গোপসাগর এবং অন্যান্য উষ্ণ জলের উপকূলীয় অঞ্চলে পাওয়া যায়।


