নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামকে আরও সবুজ, নান্দনিক ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সিডিএ চেয়ারম্যান সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। মঙ্গলবার সিডিএ প্রকল্প এলাকায় একটি নারিকেল ও একটি তালগাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধনকালে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না; প্রতিটি চারাকে পূর্ণাঙ্গ বৃক্ষে পরিণত করতে নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজ নগর গড়ে তোলার লক্ষ্যে ২৮ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে সিডিএ। এর অংশ হিসেবে কর্ণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সেতু থেকে চাক্তাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্প এলাকায় ১৪ হাজার বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এলাকায় ইতোমধ্যে প্রায় আড়াই হাজার বৃক্ষ রোপণ করা হয়েছে। বন বিভাগের সহযোগিতায় এখানে আরও ১৪ হাজার বৃক্ষ রোপণ করা হবে। এছাড়া ২৮ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির অবশিষ্ট গাছগুলো সিডিএর বিভিন্ন প্রকল্প ও এলাকায় পর্যায়ক্রমে রোপণ করা হবে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে সিডিএর সদস্য (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ নূরুল্লাহ নুরী (অতিরিক্ত সচিব), সদস্য ও প্রধান নগর পরিকল্পনাবিদ মো. জামিলুর রহমান, প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল, প্রকল্প পরিচালক রাজীব দাশসহ সিডিএর ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, উন্নয়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। পরিকল্পিত বৃক্ষরোপণ ও কার্যকর পরিচর্যার মাধ্যমে নগরের পরিবেশগত ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সংশ্লিষ্টদের প্রতিটি গাছের যথাযথ পরিচর্যার মাধ্যমে পরিবেশবান্ধব ও টেকসই নগর গড়ে তোলার লক্ষ্যে আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।


