বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে মাদক কারবারির অভিযোগে উত্তেজিত জনতা একটি বাড়ি ঘেরাও দিলে পুলিশ নারীসহ দুইজনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আটকদের ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাতে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৮নাম্বার ওয়ার্ডের পূর্ব চরণদ্বীপে এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, চরণদ্বীপ মসজিদ ঘাটা এলাকার আবু সৈয়দ সওদাগর বাড়ির আবুল কাশেমের ঘরে দীর্ঘদিন ধরে মাদকের কারবার ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলেন এলাকাবাসী। এসময় উত্তেজিত জনতা আবুল কাশেমের ছেলে কাউছারের ঘর ঘিরে ফেলে। খবর পেয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে কাউছারের বোন মোছাম্মৎ রাশেদা আক্তার (৩৯) এবং কাউছারের চাচা কুতুব উদ্দিন (৫৬) আটক করেন।এরপর তাদের ভ্রাম্যমাণ আদালত ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৪২(১) এবং ৩৬(৫) ধারায় মোছাম্মৎ রাশেদা আক্তার (৩৯) ও কুতুব উদ্দিন (৫৬) উভয়কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।


