খবর বিজ্ঞপ্তি: ১৯৮৩ সালে স্থাপিত বাংলাদেশ তথা এই উপমহাদেশের প্রথম হাওয়াইয়ান গিটার ভিত্তিক সংগঠন ‘অন্তরা হাওয়াইয়ান গিটার শিল্পী গোষ্ঠী’-র অন্যতম উদ্যোক্তা, প্রতিষ্ঠাতা সদস্য, বর্তমান সহ-সভাপতি, হাওয়াইয়ান গিটার শিল্পী সুজিত কুমার নন্দীর স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়। চেরাগী পাহাড়স্থ বৈঠকখানায় আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন দুলাল কান্তি দে। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আশীষ কুমার বৈদ্য। সভায় তাঁর বিদেহী আত্মার সদগতি কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। তাঁর জীবনালেখ্য নিয়ে বিশদ আলোচনায় বক্তাগণ মানবিক গুনাবলী ও দীর্ঘ সাংস্কৃতিক কর্মকাণ্ডের উপর মতামত ব্যক্ত করেন। বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর সুবীর দাস, লায়ন রাজিব সিংহ,ডক্টর রুবেল সেনগুপ্ত, ডিন, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, গিটার শিল্পী প্রদীপ দাস পরাগ, শানু দাশগুপ্ত, মদনমোহন ঘোষ, ইলিয়াছ ইলু, সৌমিত্রীবড়ুয়া, সজীব পাল, বিশুতোষ তালুকদার, শুক্লা আচার্য, প্রতিমা দাস, এনামুল হক মজুমদার, জোসেফ হাওয়াইয়ান গিটার পরিষদের উপদেষ্টা প্রবীন শিল্পী বাবুল কান্তি দে, সাধারণ সম্পাদক অর্পণ বড়ুয়া, আনন্দী সংগীত একাডেমীর পরিচালক সুরজিৎ সেনগুপ্ত, প্রয়াতের ছেলে প্রকৌশলী সুদীপ্ত নন্দী, বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবসায়ী সমিতির কর্মকর্তা মো. আলমগীর ও শহিদুল ইসলাম তপু প্রমূখ।
বক্তারা বলেন, সংগীত চর্চার পাশাপাশি তিনি একজন সফল বিদ্যুৎ সরঞ্জাম ব্যবসায়ী ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত সদালাপী, সমাজসেবী ও অমায়িক ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তিনি তার ছেলে-মেয়ে এবং অসংখ্য অনুরাগী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর এই প্রয়াণে চট্টগামের সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি সাধিত হলো। উনার পরিবারের সবাইকে অন্তরা হাওয়াইয়ান গিটার শিল্পী গোষ্ঠির পক্ষ থেকে গভীর সমবেদনা জানানো হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাচিক শিল্পী ও প্রকৌশলী শোভন সেনগুপ্ত।
প্রসঙ্গত, গত ২৪ জুলাই সকাল ৮ টা ৪২ মিনিটে ভারতের দিল্লীতে ম্যাক্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরবর্তীতে চট্টগ্রামের রাউজানস্থ নিজ বাড়ীতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।


