পেকুয়া প্রতিনিধি : কক্সবাজারের পেকুয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে মালয়েশিয়াপ্রবাসী আবু জাফরের বসতবাড়ি পুড়ে গেছে। এ সময় ঘরের বারান্দায় থাকা চারটি গরু আগুনে পুড়ে মারা যায়। আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়েছেন আবু জাফরের ছেলে আবু বকর (১৮)।রবিবার (১৬ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ফাঁশিয়াখালী পশ্চিম কুতুবপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হঠাৎ আবু জাফরের বাড়িতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও তীব্রতার কারণে ঘরের মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনে ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। পাশাপাশি বারান্দায় থাকা চারটি গরুও পুড়ে মারা যায়। আগুন নেভানোর সময় আবু বকরের শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়।
আবু জাফরের স্ত্রী জুবাইদা বেগম বলেন, ‘হঠাৎ বাড়িতে আগুন দেখতে পাই। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলতে থাকে পুরো বাড়ি। আগুন লাগার আগে আমি পুকুরে গোসল করতে গিয়েছিলাম।’
তিনি জানান, আগুনে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা, চারটি গরু, ধান ও প্রয়োজনীয় মালামালসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। চারটি গরুর আনুমানিক মূল্য সাড়ে ৩ লাখ টাকা।
স্থানীয়রা জানান, আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে চোখের সামনে পুরো বাড়ি পুড়ে যায়। আগুনে সর্বস্ব হারিয়ে পরিবারটি এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে।
বারবাকিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিসুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুনে পরিবারটি নিঃস্ব হয়ে গেছে। তাদের সহায়তায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।


