নিজস্ব প্রতিবেদক: আকবরশাহ থানার অবৈধ স্বর্ণের বার চোরাচালানের মামলায় দুই আসামিকে ১৪ বছর কারাদণ্ড দিয়েছেন বিচারক। বুধবার (১৯ আগস্ট) চট্টগ্রাম মহানগর স্পেশাল ট্রাইব্যুনাল-৮ এর বিচারক আফরোজা জেসমিন কলি এ রায় দেন।দণ্ডপ্রাপ্তরা হলেন- চাঁদপুরের ফরিদগঞ্জের মো. আরিফ এবং হাজীগঞ্জের মো. রুবেল।
আদালতের বেঞ্চ সহকারী নাঈম হোসেন বলেন, পাঁচজন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে স্বর্ণ চোরাচালানের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি আরিফ ও রুবেলকে ১৪ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।
পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।পরে সাজা পরোয়ানামূলে তাদের কারাগারে পাঠানো হয়।
মামলার নথি অনুযায়ী, ২০১৮ সালের ২৭ মার্চ দুপুরে আকবরশাহ থানাধীন সিডিএ ১ নম্বর রাস্তার মাথায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ।এ সময় আরিফ ও রুবেলকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে প্রত্যেকের কাছ থেকে দুটি করে মোট চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া প্রতিটি বারের ওজন ছিল ১১৬ দশমিক ৬৬ গ্রাম। সব মিলিয়ে স্বর্ণের মোট ওজন ৪৬৬ দশমিক ৬৪ গ্রাম।
চোরাচালানের মাধ্যমে বিদেশ থেকে আনা এসব স্বর্ণের বার অবৈধভাবে নিজেদের হেফাজতে রাখার অভিযোগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে আকবরশাহ থানার তৎকালীন পুলিশ কর্মকর্তা মো. জাকের হোসেন বাদী হয়ে মামলাটি করেন। পরে পুলিশ তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০২১ সালের ২১ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর স্পেশাল ট্রাইব্যুনাল-৮ এ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।


