অনলাইন ডেস্ক: চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১৭ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।শুক্রবার (২১ আগস্ট) সকাল থেকে ২৪ ঘণ্টায় ১৬৫টি অভিযান পরিচালনা করা হয়।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, ২১ আগস্ট সকাল থেকে ২৪ ঘণ্টায় রেঞ্জের ১১ জেলায় অভিযানে ১৬ হাজার ৮১৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৩২ কেজি ৫৭০ গ্রাম গাঁজা, ১০১ লিটার চোলাই মদ, ২১৪ বোতল স্কফ সিরাপ, ৭৫০ মিলিলিটার বিদেশি মদ ও ৭০টি বিয়ার ক্যান উদ্ধার করা হয়।এ ঘটনায় ৫৭টি মামলা করা হয়েছে। এসব মামলায় ১৭২ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। তাদের কাছ থেকে ১৭ হাজার ২০০ টাকা অর্থদণ্ডও আদায় করা হয়েছে।


